ইশরাকের পদত্যাগের পর ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর পোস্ট


নিজস্ব প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০২৬, ৮:৪৮ পূর্বাহ্ণ ১৩৮
ইশরাকের পদত্যাগের পর ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর পোস্ট

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগের ঘোষণার পর ‘ক্ষমতা’ নিয়ে মার্টিন লুথার কিং জুনিয়রের একটি উদ্ধৃতি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন তাঁর স্ত্রী ব্যারিস্টার নুসরাত খান।

সোমবার (১৯ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি লেখেন, ‘সঠিকভাবে বুঝলে, ক্ষমতা হলো লক্ষ্য অর্জনের সামর্থ্য। সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন আনার জন্য প্রয়োজনীয় শক্তিই হলো ক্ষমতা।’ উদ্ধৃতিটি তিনি মার্টিন লুথার কিং জুনিয়রের নামে উল্লেখ করেন।

এর আগে সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা ইশরাক হোসেন।

সংবাদ সম্মেলনে ইশরাক বলেন, তিনি স্বেচ্ছায় প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন এবং প্রধানমন্ত্রী তাতে সমর্থন দিয়েছেন। তাঁকে এলাকায় কাজ চালিয়ে যেতে বলা হয়েছে বলেও জানান তিনি।

ইশরাক আরও বলেন, ‘জমি দখল করতে যাইনি, চাঁদাও তুলতে যাইনি, মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছি। আমার এই যুদ্ধ চলবে মাদকের বিরুদ্ধে।’

দেশে পরিকল্পিতভাবে মাদক প্রবেশ করানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, মাদক দিয়ে পরবর্তী দুই প্রজন্মকে ধ্বংস করার চেষ্টা চলছে এবং ড্রোনের মাধ্যমেও দেশে মাদক পাঠানো হচ্ছে। বক্তব্যে কারও মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমাও চান তিনি।

এর আগে শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর গেন্ডারিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র হাতে ইশরাকের উপস্থিতির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অভিযানে তাঁর সঙ্গে থাকা ব্যক্তিদের হাতেও আগ্নেয়াস্ত্র দেখা যায়। ঘটনাটি রোববার দিনভর আলোচনা-সমালোচনার জন্ম দেয় এবং বিএনপির ভেতরে অস্বস্তি তৈরি করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইশরাকের পদত্যাগের পর তাঁর স্ত্রীর ‘ক্ষমতা’ নিয়ে পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার বিষয় হয়ে উঠেছে। তবে পোস্টটির মাধ্যমে তিনি কোনো নির্দিষ্ট ঘটনা বা ব্যক্তিকে ইঙ্গিত করেছেন কি না, সে বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

 

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১