মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ভূমি সংক্রান্ত সেবা প্রাপ্তি আরও সহজ ও জনবান্ধব করতে এক অনন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
আজ ২৭ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ, সোমবার উপজেলা ভূমি অফিস সংলগ্ন শিবির রোডে ‘ভূমি সেবা সহায়তা কেন্দ্র’র আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়।
ফিতা কেটে এই সেবা কেন্দ্রের উদ্বোধন করেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মহিউদ্দিন । উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনিসুল ইসলাম। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন।
উদ্বোধনকালে ইউএনও বলেন, “সাধারণ মানুষ যাতে দালালের খপ্পরে না পড়ে এবং সঠিক নিয়মে ভূমি সেবা পায়, সেজন্যই এই সহায়তা কেন্দ্রটি চালু করা হয়েছে।” সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনিসুল ইসলাম জানান, এই কেন্দ্রের মাধ্যমে নাগরিকগণ সরকার নির্ধারিত মূল্যে ই-নামজারি, খতিয়ান বা পর্চা তোলা, ভূমি উন্নয়ন কর প্রদানসহ ভূমি সংক্রান্ত যাবতীয় আবেদনের কাজ অত্যন্ত সহজে এবং যথাযথ নিয়মে সম্পাদন করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, এখন থেকে কুলাউড়াবাসীকে আবেদন বা টেকনিক্যাল সহায়তার জন্য যত্রতত্র ঘুরে হয়রানির শিকার হতে হবে না।
এই সহায়তা কেন্দ্রটি মূলত একটি ‘ওয়ান স্টপ সার্ভিস’ পয়েন্ট হিসেবে কাজ করবে, যেখানে দক্ষ জনবল সাধারণ মানুষকে তথ্য ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে।
উপজেলা প্রশাসনের এই আধুনিক ও জনকল্যাণমুখী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
এই কেন্দ্র চালুর ফলে ভূমি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে এবং সাধারণ মানুষের সময় ও খরচ উভয়ই সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :