আমিরাতে বাংলাদেশি প্রবাসীদের অনিশ্চয়তা: এখনই প্রয়োজন কার্যকর উদ্যোগ


সাইফুল ইসলাম তালুকদার প্রকাশের সময় : ২৩ মে, ২০২৬, ২:২৯ অপরাহ্ণ
আমিরাতে বাংলাদেশি প্রবাসীদের অনিশ্চয়তা: এখনই প্রয়োজন কার্যকর উদ্যোগ

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বসবাসরত হাজার হাজার বাংলাদেশি প্রবাসী ভিসা নবায়ন ও কোম্পানি পরিবর্তন–সংক্রান্ত জটিলতায় চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। দীর্ঘদিন ধরে কোম্পানি-টু-কোম্পানি ভিসা ট্রান্সফার কার্যত বন্ধ থাকায় অনেক শ্রমিক বৈধতা হারানোর ঝুঁকিতে পড়েছেন। এতে জরিমানা, গ্রেপ্তার কিংবা দেশে ফেরত পাঠানোর আতঙ্কে দিন কাটছে তাদের।

প্রবাসীদের অভিযোগ, চাকরি হারানো বা নতুন প্রতিষ্ঠানে যোগ দিতে চাইলেও বৈধভাবে ভিসা ট্রান্সফারের সুযোগ মিলছে না। ফলে অনেকেই অবৈধ হয়ে পড়ার শঙ্কায় রয়েছেন। এতে শুধু তাদের কর্মজীবন নয়, পরিবার ও সামাজিক নিরাপত্তাও হুমকির মুখে পড়ছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশিরা রেমিট্যান্স পাঠিয়ে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করছেন। অথচ বর্তমানে আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশি শ্রমিকদের বড় একটি অংশ নিজেদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে রয়েছেন।

প্রবাসীদের ভাষ্য, ২০১২ সাল থেকে শুরু হওয়া শ্রমবাজার–সংক্রান্ত জটিলতা এখনো পুরোপুরি কাটেনি। বিভিন্ন সময়ে উচ্চপর্যায়ের বৈঠক ও কূটনৈতিক আলোচনা হলেও সাধারণ শ্রমিকদের বাস্তব সমস্যার কার্যকর সমাধান হয়নি।

একসময় ভিজিট ভিসায় অনেক বাংলাদেশি আরব আমিরাতে গিয়ে কাজের সুযোগ তৈরি করতেন। কিন্তু এখন সেই পথও প্রায় বন্ধ। একই সঙ্গে বর্তমানে কর্মরত শ্রমিকদের জন্য কোম্পানি পরিবর্তনের সুযোগ সীমিত হয়ে পড়েছে।

প্রবাসী ব্যবসায়ীরা জানান, নতুন শ্রমিক না আসা এবং ট্রান্সফার জটিলতার কারণে বিভিন্ন প্রতিষ্ঠান প্রয়োজনীয় দক্ষ কর্মী পাচ্ছে না। এতে দেশটির শ্রমবাজারে বাংলাদেশিদের অবস্থান দুর্বল হয়ে পড়ছে।

বিশ্লেষকদের মতে, কার্যকর কূটনৈতিক তৎপরতার অভাব, স্থানীয় শ্রমবাজারের চাহিদা যথাযথভাবে মূল্যায়ন না করা এবং দক্ষ জনশক্তি তৈরিতে ঘাটতির কারণে সংকট দীর্ঘায়িত হচ্ছে।

এ পরিস্থিতিতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও সক্রিয় ভূমিকার দাবি জানিয়েছেন প্রবাসীরা। তারা দ্রুত কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে আরব আমিরাত সরকারের সঙ্গে আলোচনা করে ভিসা নবায়ন ও কোম্পানি-টু-কোম্পানি ট্রান্সফারের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান।

প্রবাসীরা দেশের সম্পদ। তাদের নিরাপত্তা, বৈধতা ও মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এখন প্রয়োজন আশ্বাসের চেয়ে কার্যকর উদ্যোগ। বর্তমান পরিস্থিতির দ্রুত সমাধান না হলে লাখো প্রবাসী অবৈধ হয়ে পড়ার ঝুঁকিতে পড়বেন, যা দেশের রেমিট্যান্স প্রবাহেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

লেখক: সভাপতি, প্রবাসী সাংবাদিক সমিতি, সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।
মেইল: saifdbc1974@gmail.com

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১