জঙ্গল সলিমপুরে রাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী


চট্টগ্রাম ব্যুরো প্রকাশের সময় : ১ জুন, ২০২৬, ৯:২৮ পূর্বাহ্ণ
জঙ্গল সলিমপুরে রাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর ও আশপাশের এলাকাকে সন্ত্রাসমুক্ত করে সেখানে রাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জঙ্গল সলিমপুর আর কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর অভয়ারণ্য হিসেবে থাকবে না। দীর্ঘদিন ধরে আলোচিত এ এলাকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (৩১ মে) সকালে জঙ্গল সলিমপুর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিগত ১৭ বছরের দুর্বৃত্তায়ন রাজনীতির মাধ্যমে রাষ্ট্রের ভেতরে আরেকটি দুর্বৃত্তের রাষ্ট্র গড়ে উঠেছিল। জঙ্গল সলিমপুর তার একটি উদাহরণ। দায়িত্ব গ্রহণের পর এ এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের বিভিন্ন তথ্য পাওয়া যায়। ব্যবসায়ীদের বাসভবনে হামলা ও চাঁদাবাজির ঘটনায় সরকার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে। তখনই সিদ্ধান্ত নেওয়া হয়, সন্ত্রাসীদের অভয়ারণ্য ধ্বংস করতে হবে।’

তিনি বলেন, জঙ্গল সলিমপুরের পাশাপাশি বেতুয়া ও চা-বাগানসহ আশপাশের পাহাড়ি এলাকাতেও সন্ত্রাসীদের অবস্থানের তথ্য পাওয়া গেছে। তাই শুধু জঙ্গল সলিমপুর নয়, পার্শ্ববর্তী এলাকাগুলো থেকেও সন্ত্রাসীদের উচ্ছেদ করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পরিকল্পিত যৌথ অভিযানের মাধ্যমে সারা দেশে মাদক, সন্ত্রাস, জুয়া ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই চারটি বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নির্মূলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

অনলাইনভিত্তিক জুয়া নিয়ন্ত্রণে বিদ্যমান আইন পর্যাপ্ত নয় উল্লেখ করে তিনি বলেন, বর্তমান বাস্তবতায় আইনটি দুর্বল হয়ে পড়েছে। তাই আগামী সংসদ অধিবেশনে নতুন আইন প্রণয়ন বা বিদ্যমান আইনের সংশোধনী আনার উদ্যোগ নেওয়া হবে।

মাদক নিয়ন্ত্রণ আইনেও পরিবর্তনের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, মাদক মামলার দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হবে। বর্তমানে বিপুলসংখ্যক মামলা দীর্ঘদিন ধরে বিচারাধীন রয়েছে।

কিশোর গ্যাংয়ের বিস্তার রোধে আইনি সংস্কারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বিদ্যমান আইনের সুযোগ নিয়ে অনেক কিশোর অপরাধে জড়িয়ে পড়ছে এবং পরবর্তীতে সংঘবদ্ধ অপরাধে সম্পৃক্ত হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরিদর্শনকালে ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, র‍্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার মাসুদ আলমসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্র উদ্ধার অভিযানের সময় সন্ত্রাসীদের গুলিতে র‍্যাবের উপসহকারী পরিচালক মোতালেব হোসেন ভূঁইয়া নিহত হন। পরে ৯ মার্চ সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে এলাকাটির নিয়ন্ত্রণ নেয় প্রশাসন এবং আলীনগরে একটি অস্থায়ী যৌথ ক্যাম্প স্থাপন করা হয়। সর্বশেষ ২৪ মে রাতে সশস্ত্র সন্ত্রাসীরা ওই ক্যাম্পে হামলা চালালে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় ৪৩ জনের নাম উল্লেখসহ প্রায় ৩০০ অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নিয়ে আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

জঙ্গল সলিমপুর নিয়ে আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

চট্টগ্রাম নিয়ে আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০