
চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বিশেষ আইনশৃঙ্খলা সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সলিমপুর, জঙ্গল সলিমপুর ও আলীনগরসহ পার্শ্ববর্তী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য। এ জন্য ওই অঞ্চলের সড়ক যোগাযোগব্যবস্থা উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, জঙ্গল সলিমপুর এলাকায় পরিকল্পিতভাবে বিভিন্ন সরকারি স্থাপনা ও একাডেমি নির্মাণের লক্ষ্যে সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানদের সঙ্গে আলোচনা হয়েছে। প্রাথমিকভাবে চট্টগ্রামের বর্তমান কেন্দ্রীয় কারাগার বায়েজিদ লিংক রোডসংলগ্ন এলাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই সংশ্লিষ্ট কর্মকর্তারা স্থানটি পরিদর্শন করবেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, কারা অধিদপ্তর প্রথমে নির্ধারিত জায়গার নিয়ন্ত্রণ গ্রহণ করবে। এরপর পর্যায়ক্রমে উন্নয়নকাজ বাস্তবায়ন করা হবে। অন্যান্য সরকারি দপ্তরের জন্যও পরিকল্পনা অনুযায়ী প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান প্রসঙ্গে তিনি বলেন, জঙ্গল সলিমপুর এলাকায় শুধু প্রচলিত পুলিশি কার্যক্রম নয়, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীসহ রাষ্ট্রের বিভিন্ন বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। প্রয়োজন অনুযায়ী হেলিকপ্টার সহায়তাও ব্যবহার করা হচ্ছে।
মন্ত্রী আরও বলেন, জঙ্গল সলিমপুরের পাশাপাশি রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি ও বোয়ালখালীসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসীদের আস্তানা ও কার্যক্রম চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। রাষ্ট্রীয় বাহিনীর ওপর হামলাকারী কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।
সভায় ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান, সিএমপির কমিশনার হাসান মো. শওকত আলী, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নিয়ে আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
আপনার মতামত লিখুন :