
পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় শনিবার (৩০ মে) রাতে মান্দা উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি দল। অভিযানে নেতৃত্ব দেন ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসিবুল্লাহ হাসিব।
গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৯টার দিকে মান্দা উপজেলার রামনগর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় কচুক্ষেতের মধ্যে গোপনে গাঁজাগাছ রোপণ ও পরিচর্যার অভিযোগে শ্রী নিতাই কুমার মণ্ডল (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ওই গ্রামের নন্দ কুমার মণ্ডলের ছেলে।
পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ক্ষেত থেকে একটি গাঁজাগাছ উদ্ধার ও জব্দ করা হয়। পুলিশ জানায়, উদ্ধার করা গাঁজাগাছটির ওজন প্রায় আড়াই কেজি।
নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশ জানায়, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মান্দা থানায় মামলা করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
পুলিশের দাবি, মাদক উৎপাদন, বিক্রি ও সেবনের বিরুদ্ধে জেলার বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।
নওগাঁর আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
আপনার মতামত লিখুন :