ফেনীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান


মোহাম্মদ ইসমাইল, ফেনী প্রকাশের সময় : ৬ জুন, ২০২৬, ৩:২১ অপরাহ্ণ
ফেনীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে জনসচেতনতা বাড়াতে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে শনিবার সকালে সচেতনতামূলক র‍্যালি ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচির শুরুতে হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি হাসপাতালের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও প্রশাসনের কর্মকর্তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, করিডোর, ড্রেন এবং আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ফেনীর জেলা প্রশাসক মনিরা হক। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ও ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম, পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, হাসপাতালের কনসালটেন্ট ও মেডিকেল অফিসাররা, জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, বর্ষা মৌসুমের আগে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা না গেলে ডেঙ্গুর ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে। তাই হাসপাতালসহ সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং বাসাবাড়ির আশপাশে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার রাখতে হবে।

জেলা প্রশাসক মনিরা হক নগরবাসীকে সপ্তাহে অন্তত একদিন ‘নিজ আঙিনা পরিষ্কার’ কর্মসূচি পালনের আহ্বান জানান। সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম বলেন, জেলায় ডেঙ্গু প্রতিরোধে হাসপাতালে আলাদা কর্নার প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি উপজেলা পর্যায়ে সচেতনতামূলক মাইকিং ও লিফলেট বিতরণ কার্যক্রম চলছে।

কর্মসূচি শেষে হাসপাতাল প্রাঙ্গণে ডেঙ্গু প্রতিরোধে করণীয়বিষয়ক পোস্টার সাঁটানো হয় এবং সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।

ফেনীর আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০