আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের নোটিশ ‘বেআইনি’: শিশির মনির


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ৬ জুন, ২০২৬, ৮:১১ অপরাহ্ণ
আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের নোটিশ ‘বেআইনি’: শিশির মনির

রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালের লাইসেন্স বাতিলের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাঠানো নোটিশকে ‘বেআইনি’ ও আইনবহির্ভূত আখ্যা দিয়ে এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষের আইনজীবী।

শনিবার (৬ জুন) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষে এই অবস্থানের কথা জানান।

শিশির মনির বলেন, ‘ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয় হাসপাতালের লাইসেন্স বাতিলের জন্য যে নোটিশ দিয়েছে, তা আইনসম্মত নয়। হাসপাতাল কর্তৃপক্ষ এই নোটিশের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবে।’

ঘটনার পর হাসপাতালের নেয়া পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি জানান, প্রাথমিক তদন্তে পেশাগত অবহেলার প্রমাণ পাওয়ায় দুই নার্সকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগে সংশ্লিষ্ট অন্যদের বিরুদ্ধেও তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

ভুক্তভোগী পরিবারগুলোর অবস্থান তুলে ধরে এই আইনজীবী দাবি করেন, ক্ষতিগ্রস্ত পরিবার এবং আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ–কোনো পক্ষই চায় না হাসপাতালটি বন্ধ হয়ে যাক বা এর চিকিৎসা সেবা ব্যাহত হোক। তবে ঘটনার জন্য প্রকৃত দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান নিহত শিশুদের স্বজনরা।

নিহত নবজাতকদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, হাসপাতাল কর্তৃপক্ষ ভুক্তভোগী পরিবারগুলোর পাশে আজীবন থাকবে। ক্ষতিপূরণ হিসেবে পরিবারগুলোর যোগ্য সদস্যদের চাকরির সুযোগ এবং সম্মানজনক আর্থিক সহায়তা দেয়া হবে।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০