এবার আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০২৬, ৯:৩০ অপরাহ্ণ ৯৮
এবার আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’

এবার আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ । এইচএসসি পরীক্ষা স্থগিত না করার দাবিতে চলমান আন্দোলনের মুখে শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বা ‘ব্রয়লার মুরগি’র সঙ্গে তুলনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও ছড়িয়ে পড়েছে। এই ঘটনার প্রতিবাদে এবং ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে দেশের নতুন প্রজন্মের বা ‘জেন-জি’ শিক্ষার্থীরা এবার ব্যঙ্গাত্মকভাবে ‘ব্রয়লার চিকেন পার্টি’ নামের একটি প্ল্যাটফর্ম চালু করেছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) ফেসবুকের মাধ্যমে এই অভিনব প্রতিবাদী প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটে।

‘আমরা অপমানিত নই, আমরা জাগ্রত’ (We are not insulted, We are awakened)—এমন স্লোগান নিয়ে ফেসবুকে খোলা এই পেজটিতে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে হাজারও  অনুসারী যুক্ত হয়েছেন। টানা ভারী বৃষ্টিপাত ও দেশজুড়ে ব্যাপক জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ার একগুঁয়ে সিদ্ধান্তে ক্ষুব্ধ শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন।

সেই আন্দোলনের প্রেক্ষাপটে শিক্ষার্থীদের কটাক্ষ করে ছড়িয়ে পড়া অডিওর জবাব দিতেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই অভিনব পেজটি খোলা হয়েছে। পেজটিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের বিভিন্ন ব্যঙ্গাত্মক কনটেন্ট, ট্রল, ছবি ও ভিডিও শেয়ার করা হচ্ছে।

অনলাইন অ্যাক্টিভিস্টরা বলছেন, তরুণদের এই প্ল্যাটফর্মটি মূলত ভারতের ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) আদলে তৈরি করা হয়েছে। গত মে মাসে ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত বেকার তরুণদের ‘ককরোচ’ বা ‘পরজীবী’ বলে উল্লেখ করার পর সে দেশে ব্যঙ্গাত্মক প্রতিবাদ হিসেবে ‘ককরোচ জনতা পার্টি’ গড়ে উঠেছিল। যুক্তরাষ্ট্রপ্রবাসী ভারতীয় শিক্ষার্থী অভিজিৎ দীপকের হাত ধরে শুরু হওয়া সেই অনলাইন আন্দোলনটি পরবর্তীতে ভারতের লাখ লাখ তরুণের বেকারত্ব, প্রশ্নফাঁস ও নিয়োগের নানা অনিয়ম বিরোধী বাস্তব আন্দোলনের রূপ নেয়।

বাংলাদেশেও এইচএসসি পরীক্ষার্থীদের চলমান আন্দোলন ও ক্ষোভকে নিয়ে এমন অপমানজনক মন্তব্যের পর তরুণদের এই ব্যঙ্গাত্মক রাজনৈতিক ধারার প্রতিবাদ ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, তাদের যৌক্তিক দাবিকে এভাবে উপহাস করার ফল ভালো হবে না এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১