বিরূপ আবহাওয়ায় কেন চলছে এইচএসসি পরীক্ষা, ব্যাখ্যা দিল আন্ত শিক্ষা বোর্ড


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০২৬, ১০:০৬ অপরাহ্ণ ৭০
বিরূপ আবহাওয়ায় কেন চলছে এইচএসসি পরীক্ষা, ব্যাখ্যা দিল আন্ত শিক্ষা বোর্ড

চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বিরূপ আবহাওয়া সত্ত্বেও কেন পরীক্ষা নেওয়া হচ্ছে, তা স্পষ্ট করেছে বাংলাদেশ আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সোমবার (১৩ জুলাই) কমিটির এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টদের উদ্ভূত উদ্বেগ ও প্রশ্নের জবাব দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এইচএসসি ও সমমান পরীক্ষা দেশের সব শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। এতে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।

শিক্ষা বোর্ড জানিয়েছে, অতিবৃষ্টিজনিত বন্যায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিভিন্ন পরীক্ষাকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। পরীক্ষার্থীরা নিরাপদে কেন্দ্রে উপস্থিত হতে না পারায় স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও জেলা প্রশাসকদের (ডিসি) মতামতের ভিত্তিতে শুধু চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা আগামী ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের অধিকাংশ পরীক্ষা কেন্দ্র কার্যক্রম পরিচালনার উপযোগী রয়েছে। স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলা প্রশাসনের প্রতিবেদনের ভিত্তিতেই পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা নেওয়া হচ্ছে।

সোমবার সকালে খারাপ আবহাওয়ার কারণে কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রসহ কিছু কেন্দ্রে শিক্ষার্থীদের যাতায়াতে সাময়িক ভোগান্তি হলেও স্থানীয় প্রশাসন, অভিভাবক ও কেন্দ্র কর্মকর্তাদের সহযোগিতায় শিক্ষার্থীরা যথাসময়ে পরীক্ষায় অংশ নিতে পেরেছেন।

বোর্ড সমন্বয় কমিটি উল্লেখ করেছে, ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থীর পরীক্ষার প্রস্তুতি এবং শিক্ষাজীবনের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত।

পরীক্ষা বারবার স্থগিত করা হলে ফলাফল প্রকাশ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম এবং সামগ্রিক শিক্ষা ক্যালেন্ডার মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। পাশাপাশি অভিন্ন প্রশ্নপত্র হওয়ায় একটি বোর্ডের সমস্যার কারণে সব বোর্ডের পরীক্ষা স্থগিত রাখা বাস্তবসম্মত নয়।
বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, কোনো অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের কারণে পরীক্ষার্থীদের নিরাপত্তা বা পরীক্ষা গ্রহণ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক (ডিসি) পরিস্থিতি মূল্যায়ন করে তাৎক্ষণিকভাবে পরীক্ষা স্থগিত বা প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন।

শিক্ষা বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি নির্দেশনা অনুসরণ করার পাশাপাশি বিরূপ আবহাওয়ার বিষয়টি মাথায় রেখে পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে সতর্কতার সঙ্গে কেন্দ্রের উদ্দেশে রওনা হওয়ার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

শিক্ষার্থীদের জীবন ও নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সুষ্ঠু ও নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করতে সব কর্তৃপক্ষ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এইচএসসি ২০২৬ পরীক্ষার রুটিন প্রকাশ, যেসব নির্দেশনা মেনে চলা বাধ্যতামূলক

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১