
পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসিবুল্লাহ হাবিবের নেতৃত্বে একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে শনিবার (১১ জুলাই) রাতে গাজীপুর থেকে খোকন চন্দ্র (৩৩) ও শুভ (২৮) নামে দুইজনকে গ্রেপ্তার করে।
মামলার তথ্য অনুযায়ী, গত ২৯ এপ্রিল ভোরে মহাদেবপুর উপজেলার নওহাটা-মহাদেবপুর সড়কে একটি প্রাইভেটকারে পুলিশের প্রতিফলকযুক্ত ভেস্ট পরে লেজার লাইটের মাধ্যমে সংকেত দিয়ে একটি অটোরিকশা থামানো হয়। পরে চালক ও এক যাত্রীকে জোর করে গাড়িতে তুলে চোখ-মুখ ও হাত বেঁধে নগদ টাকা, মোবাইল ফোন ও অটোরিকশা ছিনিয়ে নেওয়া হয়। পরে তাঁদের দিনাজপুরের ফুলবাড়ী এলাকায় ফেলে রেখে যায় ডাকাত দল।
ঘটনার পর মহাদেবপুর থানায় মামলা দায়ের হলে পুলিশ সুপারের তত্ত্বাবধানে ডিবির একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়। তদন্তের একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় ডাকাত দলের অন্যতম সদস্য আব্দুর রহমান ওরফে শাওন ওরফে স্বাধীনকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং অন্য সদস্যদের সম্পর্কে তথ্য দেন।
এর ভিত্তিতে ধারাবাহিক অভিযান চালিয়ে গাজীপুর থেকে খোকন চন্দ্র ও শুভকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে তারা ডিবি পুলিশের পরিচয়ে ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় গ্রেপ্তার খোকন চন্দ্র আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।
পুলিশ জানিয়েছে, ডাকাত চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
নওগাঁর আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
আপনার মতামত লিখুন :