
আটক ব্যক্তিরা হলেন—দর্শনা পৌর বিএনপির ৪ নম্বর ওয়ার্ড সভাপতি হুমায়ুন (৪৫), দর্শনা পৌর যুবদলের সদস্য মো. রাকিবুল হাসান ব্রাইট (৩৮) এবং কলেজ ছাত্রদলের নেতা মোহাম্মদ আমিন (২৩)। সাগর (৪৫) নামের এক যুবদল নেতাকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে দর্শনা রেলইয়ার্ডসংলগ্ন এলাকায় সিএন্ডএফ ব্যবসায়ী রফিকুল ইসলামের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। হামলাকারীরা কার্যালয়ের আসবাবপত্র ও অন্যান্য মালামাল ভাঙচুর করে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ব্যবসায়ী। একই সময় কার্যালয়ে থাকা ২৩ লাখ ৩০ হাজার টাকা এবং দুটি স্বাক্ষরিত ব্যাংক চেক নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী ব্যবসায়ী রফিকুল ইসলাম অভিযোগ করেন, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে তাঁর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। সম্প্রতি একটি আমদানি করা পাথরের চালানের সিঅ্যান্ডএফ কার্যক্রমের দায়িত্ব পাওয়ার পর তাঁর ওপর চাপ আরও বাড়ে।
তিনি বলেন, একপর্যায়ে তাঁর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিলে বাড়িতে আগুন দেওয়া এবং তাঁকে ও তাঁর ছেলেকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। বিষয়টি তিনি আগে দর্শনা থানা ও গোয়েন্দা পুলিশকে জানিয়েছিলেন বলেও দাবি করেন।
রফিকুল ইসলাম আরও বলেন, হামলার সময় দুর্বৃত্তরা তাঁর কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায় এবং নগদ টাকা নিয়ে যায়। এ ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
এদিকে ঘটনার পর যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি মো. রাকিবুল হাসান ব্রাইটকে দল থেকে বহিষ্কার করেছে। কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নৈতিক স্খলনজনিত অপরাধে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে ব্রাইটকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত ব্যক্তির কোনো অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। একই সঙ্গে যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনার পর চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দর্শনা শহর ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রকাশিত পুলিশি বক্তব্য অনুযায়ী, হামলা, ভাঙচুর ও অর্থ লুটের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন
লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন
আপনার মতামত লিখুন :