মিথ্যা সংবাদ প্রকাশ করে আমাকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে: ভূমি কর্মকর্তা মনিরুজ্জামান


মহসিন খান বুলবুল, সাভার প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০৯ অপরাহ্ণ ৪৬
মিথ্যা সংবাদ প্রকাশ করে আমাকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে: ভূমি কর্মকর্তা মনিরুজ্জামান

ভূমি দস্যু ও দালালদের চাহিদা অনুযায়ী ভূমি সেবা প্রদান না করায় উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা সংবাদ প্রকাশের মাধ্যমে সামাজিক ও পেশাগতভাবে তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন সাভারের আমিনবাজার ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মো. মনিরুজ্জামান।

সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে তাকে জড়িয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মনিরুজ্জামান বলেন, তাকে লক্ষ্য করে প্রকাশিত সংবাদে যেসব তথ্য-উপাত্ত ব্যবহার করা হয়েছে, সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত। তার ভাষ্য, কোনো সরকারি কর্মকর্তার দীর্ঘদিনের দায়িত্ব পালন ও পেশাগত সুনাম নিয়ে প্রশ্ন তোলার আগে সংশ্লিষ্ট নথিপত্র যাচাই এবং অভিযুক্ত ব্যক্তির বক্তব্য নেওয়া প্রয়োজন।

তিনি বলেন, ঘুষ গ্রহণ, দালালচক্র পরিচালনা, অবৈধ নামজারি, রাজনৈতিক কর্মকাণ্ডে অর্থায়ন কিংবা ‘সিন্ডিকেট’ পরিচালনার মতো গুরুতর অভিযোগ সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া প্রকাশ করা দুঃখজনক।

ইউনিয়ন ভূমি কর্মকর্তা দাবি করেন, সরকারি বিধি-বিধান অনুসরণ করেই নাগরিকদের ভূমি সেবা দেওয়া হয়। কোনো সেবাগ্রহীতাকে হয়রানি কিংবা ইচ্ছামতো নামজারি বাতিল করার সুযোগ নেই। নিয়ম অনুযায়ী নামজারি আবেদন যাচাই-বাছাই করে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে প্রস্তাব পাঠানো হয় এবং সেখান থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হয়।

তার দাবি, সংবাদে উল্লেখ করা নামজারি সংক্রান্ত তথ্যগুলোও বিদ্যমান আইন ও বিধি অনুসরণ করেই সম্পন্ন হয়েছে।

সরকারি সম্পত্তি উদ্ধার এবং ‘ক’ শ্রেণির জমির নামজারি আবেদনের বিষয়ে প্রস্তাব না দেওয়াকে কেন্দ্র করে একটি ভূমিদস্যু চক্র তাকে হেয় করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন মনিরুজ্জামান। তিনি দাবি করেন, এ উদ্দেশ্যে সাংবাদিক পরিচয় ব্যবহারকারী কিছু ব্যক্তি নামসর্বস্ব অনলাইন নিউজ পোর্টালে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করছেন।

সরকারি ছুটির দিন ও রাতে অফিস খোলা রেখে কাজ করার বিষয়ে জানতে চাইলে তিনি ভূমি মন্ত্রণালয়ের ২০২৩ সালের ২ ফেব্রুয়ারি জারি করা একটি পরিপত্রের কথা উল্লেখ করেন। তার দাবি, ওই পরিপত্রের নির্দেশনা অনুযায়ী ই-নামজারি কার্যক্রমের স্বার্থে সরকারি ছুটির দিন এবং অফিস সময়ের পরও কাজ করার সুযোগ রয়েছে।

এ ছাড়া ইউএনডিপির কাজের সহায়তার জন্য ২০২৬ সালের ২ এপ্রিল জারি করা আরেকটি স্মারকের মাধ্যমে সরকারি ছুটির দিন ও সাপ্তাহিক ছুটির দিনেও কাজ করার নির্দেশনা রয়েছে বলে জানান তিনি।

মনিরুজ্জামান বলেন, সরকারি সম্পত্তি রক্ষার স্বার্থে তারা সর্বোচ্চ চেষ্টা করে যাবেন এবং কোনো অন্যায়ের সঙ্গে আপস করবেন না। তথ্য-সন্ত্রাসের মাধ্যমে তাদের ন্যায়ের পথ থেকে বিচ্যুত করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

প্রতিবেদনে উল্লেখিত বিভিন্ন নামজারি মামলা ও জমির তথ্যের বিষয়ে তিনি বলেন, প্রতিটি নামজারি বিদ্যমান আইন ও বিধি অনুসরণ করেই সম্পন্ন করা হয়েছে।

সংবাদমাধ্যমের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা জানিয়ে মনিরুজ্জামান ভবিষ্যতে সংবেদনশীল কোনো সংবাদ প্রকাশের ক্ষেত্রে সরকারি নথিপত্র যাচাইয়ের পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্যকে সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

একই সঙ্গে প্রকাশিত বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রত্যাহার বা সংশোধন করে বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশের জন্য সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০