
চুয়াডাঙ্গা পৌর এলাকার কলেজ রোডে অনুমোদন ছাড়াই এলপিজি গ্যাস সিলিন্ডার মজুত ও বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত কলেজ রোড এলাকায় বাজার তদারকি অভিযানের সময় ‘মেসার্স মল্লিক গ্যাস ঘর’ নামের প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, প্রতিষ্ঠানটি বিস্ফোরক লাইসেন্স ও ফায়ার সার্ভিসের ছাড়পত্র ছাড়াই ঝুঁকিপূর্ণ পরিবেশে বিপুল পরিমাণ গ্যাস সিলিন্ডার মজুত ও প্রদর্শন করছিল। এ কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটির মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় প্রতিষ্ঠানটিকে প্রয়োজনীয় লাইসেন্স হালনাগাদ করে ব্যবসা পরিচালনা এবং অনুমোদন ছাড়া গ্যাস মজুত না করার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে ব্যবসায়ীদের নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ, মানহীন ও নিষিদ্ধ পণ্য, ওষুধ ও শিশুখাদ্য বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।
আপনার মতামত লিখুন :