হাতীবান্ধা সীমান্তে তিনজনকে আহত করা বাঘের সন্ধান মেলেনি, উদ্ধার অভিযান অব্যাহত


মোঃ আব্দুর রাজ্জাক, লালমনিরহাট প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০২৬, ৫:৫৮ অপরাহ্ণ ৪৯
হাতীবান্ধা সীমান্তে তিনজনকে আহত করা বাঘের সন্ধান মেলেনি, উদ্ধার অভিযান অব্যাহত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্তে এক নারীসহ তিন বাংলাদেশিকে আহত করা বাঘটির সন্ধান এখনো মেলেনি। রাতভর কয়েক দফা ড্রোন উড়িয়ে থার্মাল ক্যামেরার মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরে একটি ধানখেতে বাঘটির অবস্থান শনাক্ত করা হলেও পরে সেটির অবস্থান আর নিশ্চিত করা যায়নি।

বাঘটিকে উদ্ধারে বন বিভাগ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় লোকজনের সহযোগিতায় অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

সোমবার (২৬ অক্টোবর) লালমনিরহাট বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘গতকাল থেকেই আমরা বাঘটিকে উদ্ধারের চেষ্টা করছি। ড্রোন উড়িয়ে থার্মাল ক্যামেরার মাধ্যমে বাঘটিকে শনাক্ত করে নজরদারিতে রেখে উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছিল। এ কাজে বিজিবির সদস্য ও স্থানীয় লোকজনও সহযোগিতা করছেন। ইতিমধ্যে ঢাকা থেকে একটি দল এসেছে। বাঘটিকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।’

তিনি আরও বলেন, বাঘটি ভারতের অভ্যন্তরে চলে গেছে কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ঘটনাস্থলে অনেক মানুষের সমাগম হওয়ায় বাঘটি অবস্থান পরিবর্তন করে থাকতে পারে। তবে উদ্ধার অভিযান বন্ধ হয়নি।

এর আগে রোববার (২৫ অক্টোবর) বিকেলে আন্তর্জাতিক সীমান্ত পিলার ৯০৫-এর কাছে বাঘের আক্রমণে আহত হন স্থানীয় বাসিন্দা শহিদা বেগম, নজরুল ইসলাম ওরফে নজু এবং আফছার আলী।

স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তের কাছে বেঁধে রাখা ছাগল আনতে গিয়ে শহিদা বেগম দেখতে পান, একটি বাঘ তাঁর ছাগলটিকে আক্রমণ করেছে। ছাগলটিকে রক্ষা করতে গেলে বাঘটি তাঁর ওপর হামলা চালায়। এ সময় তাঁকে বাঁচাতে এগিয়ে গেলে নজরুল ইসলাম ও আফছার আলীও বাঘের আক্রমণের শিকার হন। পরে বাঘটি পাশের একটি ধানখেতে চলে যায়।

স্থানীয় লোকজন আহত তিনজনকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছিলেন হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক আল মামুন।

ঘটনার পর স্থানীয় লোকজন লাঠিসোঁটা নিয়ে এলাকাটি ঘিরে রাখেন। বাঘটিকে তাড়াতে বিজিবি দুই রাউন্ড গুলি ছুড়েছে বলেও স্থানীয়রা জানান। তাঁদের ধারণা, বাঘটি ভারতীয় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছে। তবে বাঘটির উৎস ও বর্তমান অবস্থান এখনো নিশ্চিত হওয়া যায়নি।

হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনাব্বেরুল হক মোনা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকার মানুষ আতঙ্কের মধ্যে রয়েছেন।

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১