ঈদ সামনে রেখে নগরবাসীকে পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার দিচ্ছে রাসিক


নিজস্ব প্রতিবেদক, রাজশাহী প্রকাশের সময় : ২১ মে, ২০২৬, ৯:৩৯ অপরাহ্ণ
ঈদ সামনে রেখে নগরবাসীকে পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার দিচ্ছে রাসিক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির মাংস স্বাস্থ্যসম্মতভাবে সংরক্ষণ এবং কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ নিশ্চিত করতে রাজশাহী মহানগরবাসীর মাঝে বিনামূল্যে পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ শুরু করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে নগরীর দরগাপাড়া এলাকার ৯ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রমের উদ্বোধন করেন রাসিকের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। এ সময় তিনি কয়েকজন বাসিন্দার হাতে পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার তুলে দেন। পরে বাড়ি বাড়ি গিয়ে এসব সামগ্রী বিতরণ করেন তিনি।

রাসিক সূত্রে জানা গেছে, এ উদ্যোগের আওতায় রাজশাহী মহানগরের ৮২ হাজার হোল্ডিংয়ের প্রতিটি মুসলিম পরিবারকে তিনটি করে পরিবেশবান্ধব ব্যাগ দেওয়া হচ্ছে। পাশাপাশি গরু বা মহিষ কোরবানিদাতাদের জন্য দুটি বড় ব্যাগ ও এক কেজি ব্লিচিং পাউডার এবং ছাগল বা ভেড়া কোরবানিদাতাদের জন্য একটি ব্যাগ ও ৫০০ গ্রাম ব্লিচিং পাউডার বিতরণ করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে এবার বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবেশবান্ধব এসব ব্যাগ পচনশীল হওয়ায় মাটির সঙ্গে মিশে যাবে। ভবিষ্যতে রাজশাহীকে পলিথিনমুক্ত নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ১০ থেকে ১২ ঘণ্টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সবার সহযোগিতায় ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী উপহার দেওয়া সম্ভব হবে।

নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কোরবানির বর্জ্য যত্রতত্র না ফেলে রাসিকের দেওয়া ব্যাগে ভরে নির্ধারিত স্থানে রাখতে হবে। পশুর রক্ত ও বর্জ্য অপসারণের পর পর্যাপ্ত পরিমাণে ব্লিচিং পাউডার ছিটিয়ে রাখতে হবে।

রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার বলেন, সারাদেশের মধ্যে রাজশাহী সিটি করপোরেশন প্রথমবারের মতো এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছে।

অনুষ্ঠানে রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি মো. নজরুল হুদা, সহসভাপতি জয়নাল আবেদীন শিবলী, বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির সভাপতি শামসুল হোসেন মিলুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

রাজশাহীর আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১