
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশীনগর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের দশম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীকে একই গ্রামের হুমায়ুন মিয়ার ছেলে রাকিব দীর্ঘদিন ধরে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। তবে কিশোরীর পরিবার এতে রাজি হয়নি। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। বিরোধের জেরে সম্প্রতি কিশোরীর পড়ালেখা বন্ধ করে দেওয়া হয়েছে বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের ভাষ্য, মঙ্গলবার রাতে রাকিব ওই কিশোরীর সঙ্গে দেখা করতে তাদের বাড়ির সামনে গেলে কিশোরীর পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। রাতের অন্ধকারে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ চলাকালে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হন। এ সময় কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে বলে অভিযোগ রয়েছে।
বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চন্দ্র সরকার জানান, কিশোরীর বিয়েসংক্রান্ত বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ করেনি বলে জানান তিনি।
আপনার মতামত লিখুন :