স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন!


প্রতিনিধি প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২৪, ১১:৫৬ অপরাহ্ণ
স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন!

সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়া: পারিবারিক কলহের জেরে কুষ্টিয়ার মিরপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী আলামিন ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (১৫ জানুয়ারি) দুপুরের দিকে কুষ্টিয়ার বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এ রায় দেন।

 

আদালত সূত্র জানায়, আলামিন পরকীয়া সম্পর্কে জড়িয়ে শিউলী খাতুনকে দ্বিতীয় বিয়ে করেন। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। পরে স্ত্রী শিউলি খাতুনকে নিয়ে মিরপুর উপজেলার হালসা গ্রামে বাসা ভাড়া করে বসবাস করতে থাকেন। বিয়ের দুই বছর পর ২০২২ সালের ১০ অক্টোবর স্বামীর সাথে মনোমালিন্য হওয়ায় স্ত্রী শিউলি খাতুন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

 

পরে নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়। ঘটনার ১৯ দিন পর নিহতের পিতা আসাদুল হক বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই (নিঃ) জাফর আহম্মেদ তদন্ত শেষে গত বছরের ১৬ মার্চ অভিযুক্ত দুই আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

 

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি আলামিন কুষ্টিয়ার মিরপুর উপজেলার শাকদহচর গ্রামের আহাদ আলীর ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর পরই দণ্ডপ্রাপ্ত আসামিদেরকে পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়। এ মামলার অপর আসামি ও আলামিনের প্রথম স্ত্রী জানেরা খাতুনের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

 

পরে মামলার তদন্ত শেষে আসামি আলামিনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। এরপর আদালত এ মামলায় সাক্ষ্য প্রমাণ শেষে রায় ঘোষণার দিন ধার্য করেন। সাক্ষীদের সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এ রায় দেন।

 

আদালতের পিপি অনুপ কুমার নন্দী বলেন, স্ত্রীকে হত্যা মামলায় দোষী প্রমাণিত হওয়ায় স্বামী আলামিনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১