
শুক্রবার রাতে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ কর্মকর্তারা হলেন হাতীবান্ধা থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল লতিফ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গেন্দুকুড়ি গ্রামের বাসিন্দা রাশেদুল ইসলাম ওরফে রাশেদের বিরুদ্ধে চুরিসহ একাধিক মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে তাঁকে গ্রেপ্তারের জন্য তাঁর বাড়িতে অভিযান চালায় পুলিশ।
অভিযানের সময় রাশেদুল ইসলাম ধারালো অস্ত্র দিয়ে পুলিশের ওপর হামলা চালান বলে অভিযোগ। এতে এসআই রুহুল আমিনের হাতের কবজিসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। একই ঘটনায় আহত হন এএসআই আব্দুল লতিফ। হামলার পর অভিযুক্ত পালিয়ে যান।
পরে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত দুই কর্মকর্তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে এসআই রুহুল আমিনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য তাঁকে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।
লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তারের অভিযানের সময় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং ঘটনায় জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন :