
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত বুড়িমারী স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদুল আজহা উপলক্ষে ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেয় বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশন। আগামী ২ জুন থেকে বন্দরের কার্যক্রম যথারীতি শুরু হবে।
বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদের সই করা এ-সংক্রান্ত একটি চিঠি বুড়িমারী স্থল শুল্ক স্টেশন, স্থলবন্দর কর্তৃপক্ষ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ইমিগ্রেশন, বিজিবিসহ ভারতের চ্যাংড়াবান্ধা ও ভুটানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন বলেন, ঈদুল আজহা উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে আট দিন কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২ জুন থেকে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে।
বুড়িমারী স্থলবন্দর পুলিশ ইমিগ্রেশন চৌকির ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাইফুর রহমান বলেন, বন্দর দিয়ে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন কার্যক্রম চালু থাকবে। ভিসা ও পাসপোর্টধারী যাত্রীরা স্বাভাবিকভাবেই যাতায়াত করতে পারবেন।
বিষয়টি নিশ্চিত করে বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান বলেন, ঈদ উপলক্ষে ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন থেকে আনুষ্ঠানিক চিঠি পাওয়া গেছে।
অন্যদিকে বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার মতলেবুর রহমান বলেন, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও কাস্টমসের প্রশাসনিক কার্যক্রম চলমান থাকবে।
লালমনিরহাটের আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
আপনার মতামত লিখুন :