
এসএসসি পরীক্ষার ফল প্রকাশকে ঘিরে আবুধাবি ও রাস আল-খাইমার দুই স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ছিল উৎকণ্ঠা। ফল প্রকাশের পর উভয় শিক্ষাপ্রতিষ্ঠানেই আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। বিশেষ করে রাস আল-খাইমার বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। অনেকে ঢাকঢোল পিটিয়ে আনন্দ করেন এবং শিক্ষার্থীদের মধ্যে মিষ্টি বিতরণ করেন।
রাস আল-খাইমা বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল থেকে এবার ৪৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে ৮ জন জিপিএ-৫, ৩০ জন ‘এ’ এবং ৬ জন ‘এ মাইনাস’ পেয়েছেন। অর্থাৎ প্রতিষ্ঠানটির সব পরীক্ষার্থীই উত্তীর্ণ হয়েছেন।
অন্যদিকে আবুধাবির শেখ জায়েদ বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুল থেকে ৪৯ জন পরীক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে একজন জিপিএ-৫, ১৫ জন ‘এ’, ১৭ জন ‘এ মাইনাস’, ৭ জন ‘বি’ এবং ৩ জন ‘সি’ পেয়েছেন। ছয়জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। ফলে প্রতিষ্ঠানটির ৪৩ জন উত্তীর্ণ হয়েছেন এবং পাসের হার দাঁড়িয়েছে ৮৭ দশমিক ৭৬ শতাংশ।
শতভাগ সাফল্যে রাস আল-খাইমা বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ-বিদেশের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চশিক্ষা গ্রহণের প্রত্যাশা জানিয়েছেন।
অভিভাবকরা বলেন, প্রবাসে থেকেও বাংলাদেশি শিক্ষার্থীদের দেশীয় শিক্ষাব্যবস্থায় পড়াশোনার সুযোগ করে দিলে এসব প্রতিষ্ঠান আরও শক্তিশালী ও স্বনির্ভর হবে। একই সঙ্গে বিদেশের মাটিতে বাংলাদেশি শিক্ষা ও সংস্কৃতি ছড়িয়ে দিতে এসব প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
১৯৯১ সালে প্রতিষ্ঠিত রাস আল-খাইমা বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুলে ১৯৯২ সালে শিক্ষা কার্যক্রম শুরু হয়। দীর্ঘ ৩৫ বছরের পথচলায় প্রতিষ্ঠানটি বহু শিক্ষার্থীকে শিক্ষার আলোয় আলোকিত করেছে। ভবিষ্যতেও প্রবাসের মাটিতে বাংলাদেশের শিক্ষা ও ঐতিহ্য তুলে ধরতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :