
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় লালমনিরহাট জেলায় ১৮ হাজার ৪২৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১০ হাজার ৩৮ জন উত্তীর্ণ হয়েছে। জেলায় গড় পাসের হার ৫৪ দশমিক ৪৮ শতাংশ। এ বছর জেলায় জিপিএ-৫ পেয়েছে ৬২৭ জন শিক্ষার্থী।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, এএম রথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর পাঁচজন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। ফল প্রকাশের পর দেখা যায়, পাঁচজনই অকৃতকার্য হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মদাতী ইউনিয়নে মেয়েদের শিক্ষার সুযোগ বাড়াতে স্থানীয়দের উদ্যোগে ১৯৯৯ সালে এএম রথবাড়ী বালিকা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। পরে ২০১১ সালে প্রতিষ্ঠানটি প্রথমবার এসএসসি পরীক্ষায় অংশ নেয় এবং উচ্চ বিদ্যালয়ে রূপান্তরিত হয়। ২০২৩ সালে বিদ্যালয়টির নিম্ন মাধ্যমিক শাখা এমপিওভুক্ত হয়।
বিদ্যালয়ে বর্তমানে প্রায় ২০০ শিক্ষার্থী রয়েছে। তাদের পাঠদানের জন্য ১১ জন শিক্ষক রয়েছেন। এর মধ্যে সাতজন এমপিওভুক্ত এবং চারজন নন-এমপিও। এ ছাড়া চারটি শিক্ষক পদ শূন্য রয়েছে।
বিদ্যালয়ের ফল বিপর্যয়ের পেছনে শিক্ষক সংকট ও পাঠদানের পরিবেশকে দায়ী করছেন কয়েকজন অভিভাবক। তাঁদের অভিযোগ, প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বিপ্লব মদাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে আগের মতো তদারকি করতে পারছেন না। তাঁর অনুপস্থিতির কারণে পাঠদানও ব্যাহত হচ্ছে বলে তাঁদের দাবি।
তবে অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক ও মদাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিপ্লব বলেন, বিদ্যালয়ের নিম্ন মাধ্যমিক শাখা এমপিওভুক্ত হলেও উচ্চ বিদ্যালয় শাখা এখনো এমপিওভুক্ত হয়নি। ফলে ওই শাখার শিক্ষকরা নিয়মিত বেতন-ভাতা না পাওয়ায় পাঠদানে আগ্রহ কমেছে। পাশাপাশি শিক্ষক সংকটও রয়েছে। এসব সীমাবদ্ধতার কারণে এবার পাঁচজন পরীক্ষার্থী অংশ নিয়েও কেউ পাস করতে পারেনি।
কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুল আলম বলেন, বিদ্যালয়টির ফল বিপর্যয়ের বিষয়টি খতিয়ে দেখা হবে। শিক্ষার মান উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :