
কোচগুলো চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশন অথবা যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। নতুন কোচ আসার বিষয়ে আনুষ্ঠানিক বার্তা না পেলেও ভারতের রানাঘাট স্টেশন থেকে সংকেত পাওয়ার পর সেগুলো গ্রহণে প্রস্তুত রয়েছে দর্শনা স্টেশন কর্তৃপক্ষ।
বাংলাদেশ রেলওয়ের জন্য ভারত থেকে কেনা ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচের চুক্তির আওতায় প্রথম চালানে ১৯টি কোচ আসছে। ২০২৪ সালে ভারতের রপ্তানি সংস্থা রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক সার্ভিসেস (রাইটস)-এর মাধ্যমে সাত ধরনের কোচের জন্য এ অর্ডার দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশে পরিচালনার বিষয়টি বিবেচনায় নিয়ে কোচগুলোর ছাদ শক্তিশালী করা হয়েছে, যাতে বিশেষ পরিস্থিতিতে ছাদে অতিরিক্ত যাত্রী উঠলেও তা সহ্য করতে পারে। এছাড়া কোচগুলোতে সিসিটিভি নজরদারি, জরুরি সতর্কীকরণ ব্যবস্থা, আংশিক খোলা যায় এমন জানালা, শিশু পরিচর্যা কক্ষ ও নামাজের কক্ষসহ বিভিন্ন আধুনিক সুবিধা রাখা হয়েছে। এসি কোচে ফ্যানের ব্যবস্থাও রয়েছে।
দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার তরিকুল ইসলাম বলেন, ‘সংবাদমাধ্যমের বরাতেই আমরা নতুন ট্রেনের কোচ আসার বিষয়টি জানতে পেরেছি। অতীতেও ভারত থেকে আমদানি করা অধিকাংশ রেল কোচ দর্শনা সীমান্ত দিয়ে দেশে এসেছে। এবারও দর্শনা অথবা বেনাপোল হয়ে প্রবেশের সম্ভাবনা রয়েছে।’
তিনি বলেন, ‘বৃহস্পতিবার সকালে ভারতের রানাঘাট রেলওয়ে স্টেশনে খোঁজ নেওয়া হয়েছে। সেখানকার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) জানিয়েছেন, এখনো কোচগুলো রানাঘাটে এসে পৌঁছায়নি।’
তরিকুল ইসলাম আরও বলেন, নিয়ম অনুযায়ী রানাঘাট স্টেশনে কোচগুলো পৌঁছানোর পর দর্শনা স্টেশনকে অবহিত করা হয়। এরপর বিষয়টি বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। সীমান্ত পারাপার ও আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন করতে চার ঘণ্টা থেকে সর্বোচ্চ এক দিন সময় লাগতে পারে।
চুক্তি অনুযায়ী, ভারত সরকারের লাইন অব ক্রেডিটের (এলওসি) আওতায় বাংলাদেশ রেলওয়ের জন্য মোট ২০০টি এলএইচবি ব্রডগেজ কোচ সংগ্রহ করা হচ্ছে। এসব কোচ ২০২৬ সালের জুন থেকে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে।
নতুন কোচগুলো বহরে যুক্ত হলে বাংলাদেশ রেলওয়ের দীর্ঘদিনের ব্রডগেজ কোচসংকট কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি দূরপাল্লার ট্রেনে যাত্রীসেবার মানও উন্নত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :