
ভোর থেকেই একাডেমি প্রাঙ্গণ পরিণত হয় ফুটবলের মিলনমেলায়। খুলনা ও রাজশাহী বিভাগের বিভিন্ন ফুটবল একাডেমির ক্ষুদে খেলোয়াড়রা প্রীতি ম্যাচ ও বিভিন্ন কার্যক্রমে অংশ নেয়। দিনব্যাপী এ আয়োজনে দেশি-বিদেশি অতিথিদের উপস্থিতি ভিন্ন মাত্রা যোগ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো চার্লোস এবং পাকিস্তানের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট অ্যাটাচি জায়ান আজিজ।
অনুষ্ঠানে অংশ নিয়ে ক্ষুদে ফুটবলাররা উচ্ছ্বাস প্রকাশ করে নিজেদের স্বপ্ন ও অভিজ্ঞতার কথা জানান। যশোরের বাঘারপাড়ার ফুটবলার নাজমা বলেন, জাতীয় দলে খেলার স্বপ্ন নিয়েই তিনি এ উৎসবে অংশ নিয়েছেন। রাজশাহীর খেলোয়াড় সালমান হাসান বলেন, বিভিন্ন জেলার খেলোয়াড়দের সঙ্গে খেলার সুযোগ পেয়ে তিনি আনন্দিত।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, দেশের ক্রীড়াঙ্গনকে রাজনীতি থেকে মুক্ত করতে হবে। তিনি বলেন, প্রকৃত ক্রীড়াপ্রেমীদের মাধ্যমে খেলাধুলার উন্নয়ন নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, সমাজে যোগ্য ও নিঃস্বার্থ ক্রীড়ামোদীদের জায়গা সংকুচিত হচ্ছে, যা থেকে বেরিয়ে আসা প্রয়োজন। একই সঙ্গে তিনি শামসুল হুদা ফুটবল একাডেমির মতো বেসরকারি উদ্যোগকে ক্রীড়ার ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক বলে মন্তব্য করেন।
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, বর্তমান সরকার তৃণমূল পর্যায়ে খেলাধুলা বিস্তারে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। স্কুল পর্যায়ে বাধ্যতামূলক খেলাধুলা, অবকাঠামো উন্নয়ন, আধুনিক জিমনেসিয়াম ও ফিজিও সেন্টার স্থাপনের পরিকল্পনার কথা তিনি তুলে ধরেন।
তিনি আরও জানান, জাতীয় সংসদেও খেলাধুলা ও ক্রীড়া বাজেট নিয়ে নিয়মিত আলোচনা জোরদারের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে ক্রীড়া উন্নয়ন নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্ব পায়।
যশোরের আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন
আপনার মতামত লিখুন :