লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ


মো. আব্দুর রাজ্জাক, লালমনিরহাট প্রকাশের সময় : ৫ জুন, ২০২৬, ৪:০১ অপরাহ্ণ
লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

লালমনিরহাটের আদিতমারী, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার বিভিন্ন সীমান্তে নারী ও শিশুসহ ৩৩ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ-ইন) চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কঠোর অবস্থান ও তৎপরতায় এসব অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হয়েছে।

শুক্রবার ভোরে পৃথক কয়েকটি সীমান্ত পয়েন্টে এ ঘটনা ঘটে। পরে সীমান্তের শূন্যরেখায় নারী, পুরুষ ও শিশুসহ কয়েকজনকে মালপত্র নিয়ে অবস্থান করতে দেখা যায়।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আদিতমারী উপজেলার দীঘলটারী ও দুর্গাপুর সীমান্তের ৯২৫ ও ৯২৭ নম্বর মেইন পিলার এলাকায় ১২ জনের উপস্থিতি শনাক্ত করে বিজিবি। তাৎক্ষণিকভাবে মাইকিং করে সতর্কবার্তা দিলে তারা ভারতীয় ভূখণ্ডে সরে যায়।

এ ঘটনায় রানীনগর-৩ বিএসএফ ব্যাটালিয়নের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত বিএসএফের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

অন্যদিকে হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়ন সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১২ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে তিস্তা বিজিবির বড়খাতা কোম্পানির একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে তাদের অনুপ্রবেশে বাধা দেয়। বর্তমানে তারা সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।

এ ছাড়া পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ঝাঁলাঙ্গী (পকেট) সীমান্ত দিয়ে আরও ১০ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হলে বিজিবি তাদেরও প্রবেশে বাধা দেয়। তারাও সীমান্ত এলাকায় অবস্থান করছেন।

হাতীবান্ধা ও পাটগ্রাম সীমান্তে ২১ জনের অনুপ্রবেশের চেষ্টার বিষয়টি নিশ্চিত করেছেন মেজর তানভীর আহমেদ। তিনি বলেন, “বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।”

এদিকে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়ন পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে আদিতমারী সীমান্তে ১২ জনের অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করার তথ্য নিশ্চিত করেছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

লালমনিরহাটের আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০