চাঁপাইনবাবগঞ্জে সীমান্তবর্তী জনসাধারণের মাঝে বিজিবি’র শীতবস্ত্র বিতরণ


প্রতিনিধি প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে সীমান্তবর্তী জনসাধারণের মাঝে বিজিবি’র শীতবস্ত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে টানা ১০ দিন ধরে সূর্যের দেখা মিলছে না। তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিশেষ করে চরাঞ্চলের মানুষের দুর্ভোগ বেড়েছে কয়েকগুণ। শীতার্ত এসব মানুষের কথা বিবেচনায় নিয়ে শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবি। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর ১টার দিকে ৫৩ বিজিবির উদ্যোগে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের ফতেপুর কুকড়িপাড়া এলাকায় ৩০০ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে এসব কম্বল শীতার্ত মানুষের হাতে তুলে দেন বিজিবির রাজশাহী সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন। প্রধান অতিথি বলেন, এই শীতে সীমান্তবর্তী এলাকায় বসবাসরত শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ তাদের সামান্য স্বস্তি এনে দিতে পারা আমাদের জন্য গৌরবের। আমরা বিশ্বাস করি জনগণের প্রতি মানবিক সহায়তা তাদের দুর্গোভ লাঘবের পাশাপাশি বিজিবি ও স্থানীয় জনসাধারণের মধ্যকার আস্থা ও সম্পর্ক আরো সুদৃঢ় করবে। ভবিষ্যতেও বিজিবি এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে এবং সীমান্ত এলাকার সামগ্রিক জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

স্থানীয় বাসিন্দা আতিকুর রহমান বলেন, চরাঞ্চলে বাতাসের তীব্রতা অনেক বেশি। আর চারদিকে নদী। শুরু হয়েছে ভাঙ্গন। সব মিলিয়ে আমরা খুব বিপদের মধ্যে আছি। গত ১০ দিন ধরে সূর্যের দেখা পায়নি। এতে তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কম্বল কেনার টাকা জুটাতে পারছি না। আজকে বিজিবির দেওয়া কম্বল বাসায় নিয়ে গেলাম। রাজিয়া বেগম নামের আরও এক নারী বলেন, গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা বেড়েছে। ছেলে সন্তান নিয়ে কোনোভাবে টিনের ঘরে দিন পার করছি। পদ্মা নদী পার হয়ে আসতে হয় বলে আমাদের খোঁজ রাখে না কেউ। তাই বিজিবির কম্বল পেয়ে আমি খুশি। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন- ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল কাজী মুস্তাফিজুর রহমান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বর্ডার গার্ড বাংলাদেশ এর অন্যান্য সদস্যরা।

আর্কাইভ