
মোঃ আব্দুল কালাম :সিলেট নগরের দক্ষিণ সুরমা এলাকা থেকে মো. নুরুল ইসলাম (৬৫) নামে এক আমেরিকা প্রবাসীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কায়স্থরাইল এলাকার একটি বাসার দ্বিতীয় তলা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নুরুল ইসলাম দক্ষিণ সুরমা থানাধীন কায়স্থরাইল এলাকার ২ নম্বর রোডের ২৫ নম্বর বাসার বাসিন্দা। তিনি ওই এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাসার বাথরুমে রক্তাক্ত অবস্থায় তাঁর মরদেহ পড়ে ছিল। এ সময় মরদেহের পাশে রান্নাঘরে ব্যবহৃত একটি দা পাওয়া যায়। ওই বাসায় নুরুল ইসলাম ও তাঁর স্ত্রী বসবাস করতেন। শুক্রবার (৬ নভেম্বর) সকালে বাসার দ্বিতীয় তলায় তাঁর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. আফজাল হোসেন। তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশের তদন্ত চলমান রয়েছে।
আপনার মতামত লিখুন :