
মঙ্গলবার দুপুরে উপজেলার সাপ্টিবাড়ী এলাকায় মহাসড়ক অবরোধ করলে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক আটটার দিকে উপজেলার সারপুকুর ইউনিয়নের সারপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লিয়াকত আলী লাদেনের সঙ্গে প্রতিপক্ষের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত লিয়াকত আলী লাদেন উপজেলার সারপুকুর ইউনিয়নের বালাটারী এলাকার আশরাফুল হকের ছেলে। স্থানীয়দের দাবি, ঘটনার পর অভিযুক্ত জুয়েল ও তাঁর ছেলে রকি পলাতক রয়েছেন।
হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে স্থানীয়রা মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ জনতার সঙ্গে কথা বলেন এবং দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এরপর অবরোধ তুলে নেওয়া হয়।
আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
ওসি নাজমুল হক জানান, এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে এবং দ্রুত তাঁদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
আপনার মতামত লিখুন :