
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর ছররা গুলিতে আহত এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। নিহত মো. খাদেমুল (২৫) উপজেলার গোতামারী ইউনিয়নের পূর্ব আমঝোল গ্রামের বাসিন্দা। তিনি আমজাদ হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে বনচৌকি বিওপি সংলগ্ন সীমান্ত এলাকায় কয়েকজন বাংলাদেশি কাঁটাতারের বেড়ার কাছে গেলে ভারতের ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে খাদেমুল ছররা গুলিবিদ্ধ হন।
গুলিতে তাঁর মুখমণ্ডল, বুক ও মাথায় গুরুতর আঘাত লাগে। পরে আহত অবস্থায় তিনি বাংলাদেশ অংশে ফিরে এলে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
স্থানীয়দের ভাষ্য, ঘটনাটি সীমান্ত পিলার ৯০৫/৬-এস এর কাছাকাছি এলাকায় ঘটেছে।
এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।
আপনার মতামত লিখুন :