ঝিনাইদহে গড়াই পরিবহনের বাসের চাপায় তুলি খাতুন নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত তাঁর সেনাসদস্য স্বামী সোহেলকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়েছে।
বুধবার সকালে ঝিনাইদহ শহরের বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শৈলকুপা উপজেলার বরদাহ গ্রামের আব্দুস সাল্টার বুলুর মেয়ে তুলি খাতুন তাঁর স্বামী সেনাসদস্য সোহেলের সঙ্গে মোটরসাইকেলে ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে বাস টার্মিনালের দিকে যাচ্ছিলেন। বাইপাস এলাকায় পৌঁছালে পাশ থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারান সোহেল। এ সময় দুজনই সড়কে পড়ে যান।
ঠিক তখন কুষ্টিয়া থেকে খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাস তাঁদের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তুলি খাতুন নিহত হন। গুরুতর আহত হন তাঁর স্বামী সোহেল।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সোহেলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়। সোহেলের বাড়ি নড়াইল জেলায়।
পরে তুলি খাতুনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
একই দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনায় স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ ও বিস্তারিত ঘটনা তদন্ত করছে পুলিশ।
আপনার মতামত লিখুন :