
গ্রেপ্তার আব্দুর রাজ্জাক উপজেলার পারইল ইউনিয়নের ধোপাপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২ মে (শনিবার) দুপুরে টিফিনের বিরতিতে ওই ছাত্রী স্কুল থেকে বাড়িতে খাবার খেতে যায়। পুনরায় স্কুলে ফেরার পথে আব্দুর রাজ্জাক তাকে চকলেটের প্রলোভন দেখিয়ে কৌশলে নিজের বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটি চিৎকার করার চেষ্টা করলে প্রাণনাশের হুমকি দিয়ে তাকে ভয় দেখানো হয়।
ঘটনাটি গত সোমবার জানাজানি হলে স্থানীয় কতিপয় মাতব্বর গ্রাম্য সালিসের মাধ্যমে অর্থের বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায় বলে অভিযোগ ওঠে। তবে ন্যায়বিচারের আশায় শেষ পর্যন্ত ভুক্তভোগীর পরিবার বৃহস্পতিবার রাতে রাণীনগর থানায় মামলা দায়ের করে।
নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডলের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল রাতেই অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে।
ভুক্তভোগী শিশুর মা বলেন, “ধর্ষণের ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আমরা ন্যায়বিচার পেতে মামলা করেছি। আমরা অপরাধীর সর্বোচ্চ শাস্তি চাই, যাতে ভবিষ্যতে আর কেউ এমন জঘন্য কাজ করার সাহস না পায়।”
রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল জানান, মামলার পর রাতেই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া ভুক্তভোগী শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :