
বুধবার দুপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক। এছাড়া জেলা তথ্য কর্মকর্তা সৌমিক রায়, বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, চলতি বছরের ফেব্রুয়ারিতে ঘোষিত নির্বাচনি ইশতেহারের কর্মসূচিগুলো বাস্তবায়নে সরকার ইতিমধ্যে মাঠপর্যায়ে কাজ শুরু করেছে। গত ১০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এসব কর্মসূচির উদ্বোধন করেন। এর অংশ হিসেবে নারীপ্রধান ও হতদরিদ্র পরিবারগুলোকে মাসিক ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।
কৃষি খাতের উন্নয়নে স্মার্ট কৃষক কার্ড বিতরণ কার্যক্রমও শুরু হয়েছে বলে জানানো হয়। এ কার্ডের মাধ্যমে সার, বীজ ও কৃষিঋণের ভর্তুকি সরাসরি কৃষকের কাছে পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের উদ্যোগ নেওয়া হয়েছে, যার আওতায় প্রায় ১২ লাখ কৃষক উপকৃত হবেন বলে জানানো হয়।
প্রেস ব্রিফিংয়ে আরও বলা হয়, পরিবেশ সুরক্ষায় এক কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে নদী ও খাল পুনঃখননের জন্য ২০ হাজার কিলোমিটার এলাকায় কাজ এগিয়ে চলছে। কর্মজীবী নারী ও শিক্ষার্থীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালুর উদ্যোগও চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
ধবলগুড়ি সীমান্তে উত্তেজনা, বিজিবির হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে জেলা তথ্য অফিসের মাধ্যমে উঠান বৈঠক, কৃষক সমাবেশ, চলচ্চিত্র প্রদর্শনী ও সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে। তিনি বলেন, উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন সময় অপপ্রচার চালানো হয়। তাই সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে।
জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক বলেন, জনগণের অংশগ্রহণ ও সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিত করা গেলে সরকারের ঘোষিত ইশতেহার বাস্তবায়ন দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে।
অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন উপস্থিত কর্মকর্তারা।
আপনার মতামত লিখুন :