
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে যুদ্ধের দুই সপ্তাহ পেরিয়ে গেলেও ৩১ নাবিকসহ বাংলাদেশি জাহাজ বাংলার জয়যাত্রা এখনও আটকা রয়েছে। জাহাজটি হরমুজ প্রণালি পাড়ি দিতে পারছে না। এ পরিস্থিতি মোকাবিলায় ইরানের সঙ্গে আলোচনার জন্য নৌ-পরিবহন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)।
পারস্য উপসাগরে লক্ষ্যবস্তুর উপর ইরানের ছোড়া মিসাইলের খুব কাছেই অবস্থান ছিল বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিএসসির মালিকানাধীন জাহাজ জয়যাত্রার।
অবশ্য এখন জাহাজটি কিছুটা সরে এসে শারজাহর আউটার পোর্ট লিমিটের মধ্যে নিরাপদে অবস্থান নিয়েছে। জাহাজের ক্যাপ্টেন মোহাম্মদ শফিকুল ইসলাম এক ভিডিও বার্তায় বলেন, ‘আমরা নাবিকরা আল্লাহর ওপর ভরসা করে ধৈর্য ও পেশাগত দক্ষতার সঙ্গে সংকটময় পরিস্থিতি মোকাবিলা করছি।’
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর কয়েকবার হরমুজ প্রণালি পাড় হওয়ার চেষ্টা হলেও অতিমাত্রায় ঝুঁকির কারণে আপাতত তা স্থগিত রাখা হয়েছে। এখন কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে জাহাজটিকে পারস্য উপসাগর থেকে হরমুজ প্রণালি পার করে আরব সাগরে আনার চেষ্টা চলছে।
জাহাজ বাংলার জয়যাত্রা গত ২ ফেব্রুয়ারি ভারত হয়ে কাতারে পৌঁছেছিল। কাতারের মেসাইদ বন্দর থেকে স্টিল কয়েল নিয়ে আরব আমিরাতের জেবল আলী বন্দরে যাওয়ার পথে যুদ্ধের কবলে পড়ে। বিএসসি নিশ্চিত করেছে, জাহাজে ২-৪ মাসের খাবার, পর্যাপ্ত জ্বালানি ও ফ্রেশ ওয়াটার রয়েছে।
লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন
আপনার মতামত লিখুন :