ফারুকীকে ‘উপদুষ্টু’ কটাক্ষ শাওনের, তিশার শাড়ি নিয়ে করলেন ইঙ্গিতপূর্ণ মন্তব্য


প্রতিনিধি প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২৬, ৩:১০ অপরাহ্ণ
ফারুকীকে ‘উপদুষ্টু’ কটাক্ষ শাওনের, তিশার শাড়ি নিয়ে করলেন ইঙ্গিতপূর্ণ মন্তব্য

লাখোকণ্ঠ অনলাইন ডেস্কঃ অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। পর্দায় আগের মতো নিয়মিত দেখা না গেলেও সমসাময়িক বিভিন্ন ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব তিনি। বিশেষ করে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সিদ্ধান্তের কট্টর সমালোচক হিসেবে সম্প্রতি নেটিজেনদের নজর কেড়েছেন এই অভিনেত্রী।

সেই ধারাবাহিকতায় এবার সরাসরি সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে লক্ষ্য করে তির্যক মন্তব্য করেছেন শাওন। ফারুকীকে লক্ষ্য করে তির্যক মন্তব্য করেছেন শাওন। করার পাশাপাশি তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার পুরনো একটি শাড়ি নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তিনি। শুক্রবার (২৩ জানুয়ারি) নিজের ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করেন শাওন। ছবিতে দেখা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মেট্রোরেলে বসে আছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ছবিতে তিশাকে একটি নীল রঙের শাড়িতে দেখা যাচ্ছে।

ছবির ক্যাপশনে শাওন লিখেছেন, ছবিটা খুব সুন্দর। লিটনের ফ্ল্যাটের রূপকার, উপদুষ্টু পরিচালক সাহেবের স্ত্রীর শাড়িটাও বেশ! এই ছবি বড় করে বাঁধিয়ে উপদুষ্টু মহোদয়ের তত্ত্বাবধানে বানানো জুলাই স্মৃতি জাদুঘরে রাখার জোর দাবি জানাচ্ছি। শাওনের এই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং নেটদুনিয়ায় শুরু হয় তুমুল আলোচনা-সমালোচনা। নেটিজেনদের মতে, শাওন সরাসরি মোস্তফা সরয়ার ফারুকীকে ইঙ্গিত করেই এই বিদ্রূপ করেছেন। ফারুকী পরিচালিত ২০০৪ সালের আলোচিত সিনেমা ‘ব্যাচেলর’-এ ‘লিটনের ফ্ল্যাট’ নামক একটি কাল্পনিক স্থান ছিল, যা তরুণ প্রজন্মের কাছে বেশ পরিচিত। সেই পুরনো অনুষঙ্গ টেনে এনেই ফারুকীকে খোঁচা দিয়েছেন শাওন।

পাশাপাশি, বর্তমান সরকারের উদ্যোগে তৈরি হতে যাওয়া ‘জুলাই স্মৃতি জাদুঘর’ নিয়ে শাওনের এই উপহাসমূলক মন্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে। অনেকেই বিষয়টিকে শাওনের রাজনৈতিক অবস্থান ও ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন। উল্লেখ্য, মোস্তফা সরয়ার ফারুকী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর থেকেই বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। এবার সেই তালিকায় যোগ দিলেন মেহের আফরোজ শাওনও।