
প্রাচীন ‘পিলার’ ও দুর্লভ কয়েন ব্যবসার প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া একটি প্রতারক চক্রের চার সদস্যকে ১ মে গ্রেফতার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে চক্রটি ইউরেনিয়াম সমৃদ্ধ তথাকথিত প্রাচীন পিলার এবং মূল্যবান পুরোনো কয়েন কেনাবেচার নামে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছিল। উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে তারা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নেয়।
এ ঘটনায় প্রবাসী বাংলাদেশি আজিজুল আলম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়, প্রতারকরা কৌশলে তার কাছ থেকে প্রায় ৩৫ কোটি টাকা আত্মসাৎ করেছে। একই পদ্ধতিতে আরও অনেককে সর্বস্বান্ত করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে চক্রটির চার সদস্যকে গ্রেফতার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর মাহবুব রহমান জানান, প্রতারণা চক্রটির অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি আত্মসাৎ করা অর্থ উদ্ধারের জন্যও কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশ সাধারণ জনগণকে এ ধরনের লোভনীয় প্রস্তাবে প্রভাবিত না হওয়ার আহ্বান জানিয়েছে এবং সন্দেহজনক কোনো কার্যক্রম সম্পর্কে নিকটস্থ থানায় অবহিত করার পরামর্শ দিয়েছে।
আপনার মতামত লিখুন :