
শনিবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বনানী থানাধীন মহাখালীর ওয়্যারলেস এলাকায় টেলিভিশনটির কার্যালয়ে এ ঘটনা ঘটে।
বিকেল সাড়ে ৩টার দিকে বৈশাখী টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচারে এসে এক সাংবাদিক অভিযোগ করেন, একদল লোক কার্যালয়ে ঢুকে হামলা ও ভাঙচুর চালিয়েছে। এ সময় ভবনের মূল ফটকে তালা লাগিয়ে দেওয়া হয় এবং লিফট বন্ধ করে দেওয়া হয়। ফলে ভেতরে থাকা সাংবাদিক ও কর্মীরা নিচে নামতে পারছিলেন না।
লাইভে ওই সাংবাদিক বলেন, ‘আমরা বাধ্য হয়ে ছাদ থেকে লাইভ করার চেষ্টা করছি। আমরা পুরো অবরুদ্ধ হয়ে আছি। কোনোভাবে নিচে নামতে পারছি না। আমাদের একজন সহকর্মীকে আঘাত করা হয়েছে।’
হামলাকারীরা টেলিভিশনটির দুটি মুঠোফোন ও একটি ক্যামেরা নিয়ে গেছে বলেও লাইভে অভিযোগ করা হয়।
এ পরিস্থিতিতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন টেলিভিশনটির সাংবাদিকেরা। পরে বনানী থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। এ সময় পুলিশ সদস্যদের ভবনের নিচে অবস্থানরত লোকজনের সঙ্গে কথা বলতে দেখা যায়।
এদিকে, ঘটনার পর বৈশাখী টেলিভিশনের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিনের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, টেলিভিশন কার্যালয়ে প্রবেশের পর একদল লোক তাঁকে ঘিরে ফেলে। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে হেফাজতে নেয়।
তবে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে পুলিশের বক্তব্য অনুযায়ী, কোতোয়ালি থানায় দায়ের করা একটি মামলার কারণে টিপু আলম মিলনকে হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনার সঙ্গে তাঁর হেফাজতে নেওয়ার কোনো সম্পর্ক নেই বলেও পুলিশ জানিয়েছে।
এদিকে, কার্যালয়ে সংঘর্ষের কারণ এবং হামলার অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
আপনার মতামত লিখুন :