পদত্যাগের নির্দেশের খবরকে গুজব বললেন ইশরাক হোসেন


নিজস্ব প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০২৬, ৮:৪৪ পূর্বাহ্ণ ১৩৭
পদত্যাগের নির্দেশের খবরকে গুজব বললেন ইশরাক হোসেন

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান—বিভিন্ন সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশের পর বিষয়টিকে গুজব বলে দাবি করেছেন ইশরাক।

রোববার (১৮ অক্টোবর) রাতে সাংবাদিকদের তিনি বলেন, এ খবরের কোনো সত্যতা নেই। দল থেকে এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

ইশরাক বলেন, “আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি, এ বিষয়টিকে আপনারা অবশ্যই গুজব হিসেবে ধরবেন। এর কোনো সত্যতা এখনও নেই। এ রকম কোনো সিদ্ধান্ত আমরা দল থেকে নিলে তা উড়ো খবরের মাধ্যমে আসবে না। সংবাদ সম্মেলন করে জানানো হবে।”

তিনি আরও বলেন, যারা এ তথ্য ছড়িয়েছেন, তাঁরা গুজবকে খবর হিসেবে প্রচার করছেন। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান তিনি।

এর আগে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ইশরাককে ডেকে পদত্যাগের নির্দেশ দেন। তবে রোববার রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সরকারের দায়িত্বশীল কোনো ব্যক্তির আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানের সময় ইশরাক হোসেনকে আগ্নেয়াস্ত্র হাতে কয়েকজনকে ধাওয়া করতে দেখা যায়। তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

 

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১