পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০২৬, ৪:১৭ অপরাহ্ণ ১০৪
পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। সোমবার (৯ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় এ প্রস্তাব উপস্থাপন করা হয়।

সভা শেষে শ্রমিক প্রতিনিধিদের বরাত দিয়ে জানা গেছে, নতুন মজুরি কাঠামোয় একজন সাধারণ পোশাকশ্রমিকের মূল বেতন ১৯ হাজার ২০০ টাকা, বাড়িভাড়া ৯ হাজার ৬০০ টাকা এবং চিকিৎসা, যাতায়াত ও খাদ্যসহ অন্যান্য ভাতা বাবদ ৩ হাজার ২০০ টাকা রাখার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া শিক্ষানবিশ শ্রমিকদের জন্য মাসিক ৩০ হাজার টাকা মজুরির প্রস্তাব দেওয়া হয়েছে।

এর আগে পোশাকশ্রমিকদের পাঁচটি জোটও সর্বনিম্ন মাসিক মজুরি ৩২ হাজার ১৩১ টাকা নির্ধারণের দাবিতে মজুরি বোর্ডে স্মারকলিপি জমা দেয়। এসব জোটের আওতায় রয়েছে ৫৫টি নিবন্ধিত শ্রমিক ফেডারেশন। তাদের প্রস্তাবে মূল বেতন মোট মজুরির ৬০ শতাংশ, বাড়িভাড়া ৫০ শতাংশ এবং বার্ষিক ইনক্রিমেন্ট ১৫ শতাংশ নির্ধারণের দাবি জানানো হয়েছে।

সোমবার বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে দ্বিতীয় সভা শুরু হয়। সভায় শ্রমিকপক্ষের প্রস্তাব পর্যালোচনা করা হয়। অন্যদিকে মালিকপক্ষ তাদের প্রস্তাব জমা দেওয়ার জন্য সাত দিন সময় চাইলেও বোর্ড চার দিন সময় দিয়েছে।

এর আগে গত ৪ নভেম্বর মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের নিজ নিজ প্রস্তাবিত মজুরি কাঠামো তৈরি করে পরবর্তী সভায় জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। একই সঙ্গে নতুন মজুরি কাঠামো ডিসেম্বর থেকে কার্যকরের বিষয়ে আলোচনা হয়। সুপারিশ অনুমোদিত হলে জানুয়ারি থেকে নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন শ্রমিকেরা।

গত ১ নভেম্বর তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।

বোর্ডের সদস্যদের মধ্যে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বিজিএমইএর পরিচালক এ বি এম শামছুদ্দিন এবং বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব। শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার। নিরপেক্ষ সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ।

বর্তমানে দেশের তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের নভেম্বরে ঘোষিত সর্বশেষ মজুরি কাঠামো অনুযায়ী ওই বছরের ডিসেম্বর থেকে এ হার কার্যকর হয়। নতুন মজুরি নির্ধারণে শ্রমিক ও মালিকপক্ষের প্রস্তাব পর্যালোচনা করে সুপারিশ দেবে নিম্নতম মজুরি বোর্ড।

 

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০