
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ফটোকার্ডে দেখা গেছে, কারওয়ান বাজারের পর বাংলামোটরের এআই ক্যামেরা বন্ধ হয়েছে। এ ধরনের পোস্ট ছড়িয়ে পড়ায় সৃষ্ট বিভ্রান্তি দূর করতে উদ্যোগ নিয়ে ডিএমপির ট্রাফিক বিভাগ।
সংশ্লিষ্টরা বলছেন, কারওয়ান বাজার এলাকায় এআই ক্যামেরা ব্যবস্থাপনা সাময়িকভাবে বন্ধ থাকলেও সেটি কোনো নীতিগত সিদ্ধান্ত বা কার্যক্রম স্থগিতের কারণে নয়। মূলত এলাকায় বিদ্যুৎ ও যোগাযোগ লাইনের সঙ্গে সংশ্লিষ্ট কিছু কারিগরি কাজ চলাকালে ক্যামেরা ব্যবস্থার সংযোগ তার কেটে যায়। এর ফলে সাময়িকভাবে ক্যামেরাগুলোর কার্যক্রম ব্যাহত হয়। পরে ত্রুটিগুলো সারিয়ে আবারও ক্যামেরাগুলো সচল করা হয়েছে।
ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার আনিছুর রহমান বলেন, বৈদ্যুতিক লাইনে কাজ চলাকালে ক্যামেরার তার কাটা পড়েছিল। তবে দ্রুতই তা পুনঃস্থাপন করা হয়।এআই ক্যামেরা স্থগিত করা হয়েছে— এমন তথ্য সঠিক নয় বলে জানান তিনি।
সংশ্লিষ্টরা জানান, রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে যান চলাচল পর্যবেক্ষণ, ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্তকরণ এবং আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে এআই ক্যামেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থার মাধ্যমে যানবাহনের গতিবিধি পর্যবেক্ষণ, বিভিন্ন ধরনের ট্রাফিক অপরাধ শনাক্ত এবং তথ্য সংগ্রহ করা সম্ভব হচ্ছে।
আপনার মতামত লিখুন :