মানিক পশারীর দাফনে বাধার অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন সোহেল রানা


নিজস্ব প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০২৬, ৩:৪৯ অপরাহ্ণ ৪২
মানিক পশারীর দাফনে বাধার অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন সোহেল রানা

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত প্রয়াত দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুর পর তাঁর দাফন ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। মৃত্যুর প্রায় ১৭ ঘণ্টা পর নানা টানাপোড়েন শেষে শনিবার গভীর রাতে পিরোজপুরে পরিবারের নারী সদস্যদের খোঁড়া কবরে তাঁকে দাফন করা হয়।

মানিক পশারীর মরদেহে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন এবং পিরোজপুরে তাঁকে দাফন করতে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা বাধা দিয়েছেন বলে অভিযোগ করেছেন তাঁর স্বজনরা। পরে পুলিশি নিরাপত্তায় দাফন সম্পন্ন হয়। এ সময় পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন।

মানিক পশারীর দাফন ও জানাজায় বাধা দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক ও বীর মুক্তিযোদ্ধা সোহেল রানা।

সোমবার দুপুরে নিজের ফেসবুক পোস্টে এ ঘটনায় ক্ষোভ জানিয়ে সোহেল রানা লেখেন, ‘একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, তাকে কবর দেওয়ায় বাধা সৃষ্টি করল স্বাধীনতাবিরোধী শক্তি এবং হারিকেন জ্বালিয়ে তার আলোতে আলোকিত করে তার কন্যাসন্তান নিজ হাতে মাটি খুঁড়ে বাবার কবর তৈরি করল।’

সোহেল রানা আরও লেখেন, ‘আগের কবরটি স্বাধীনতার পরাজিত শত্রুরা মাটি দিয়ে ভরাট করে দিয়েছে। স্বাধীনতার স্বপক্ষীয় শক্তি নাকি বর্তমানে সরকার পরিচালনা করছে। কোনো আলামত তো দেখা গেল না।’

ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়ে তিনি লেখেন, ‘সরকারের কাছে এর সঠিক জবাব চাই।’

নিজের উপলব্ধি তুলে ধরে এই মুক্তিযোদ্ধা বলেন, মুক্তিযোদ্ধারা জীবনের শেষ প্রান্তে পৌঁছেছেন। কিন্তু মুক্তিযুদ্ধের অগ্নিস্ফুলিঙ্গ পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে তাঁরা হয়তো ব্যর্থ হয়েছেন। তাঁর ভাষায়, ‘নইলে প্রতিবাদ বা প্রতিরোধ—কোনোটাই তো দৃষ্টিগোচর হচ্ছে না।’

সবশেষে সোহেল রানা লেখেন, ‘না ফেরার দেশে চলে যাওয়ার আগে এ ধরনের সংবাদ আমার মতো অন্যান্য মুক্তিযোদ্ধাদের রক্তক্ষরণ করে। মুক্তিযুদ্ধের স্বপক্ষীয় শক্তি সবাই জেগে ওঠো। এবার আর ক্ষমা নয়।’

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১