প্রত্যাবর্তন নয়, প্রত্যর্পণ চুক্তিতে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে: রুহুল কবির রিজভী


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০২৬, ৭:২২ অপরাহ্ণ ৪৭
প্রত্যাবর্তন নয়, প্রত্যর্পণ চুক্তিতে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে: রুহুল কবির রিজভী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, শেখ হাসিনার ক্ষেত্রে স্বেচ্ছায় দেশে প্রত্যাবর্তনের বিষয় নয়, বরং দুই দেশের আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রত্যর্পণের বিষয়টি প্রযোজ্য।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, প্রত্যাবর্তন ও প্রত্যর্পণ দুটি ভিন্ন বিষয়। কোনো ব্যক্তি বিদেশে অবস্থান করে স্বেচ্ছায় নিজ দেশে ফিরে এলে সেটি প্রত্যাবর্তন। অন্যদিকে, কোনো ব্যক্তির বিরুদ্ধে অপরাধের অভিযোগ, মামলা বা দণ্ড থাকলে দুই দেশের আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাঁকে ফেরত পাঠানোর বিষয়টি প্রত্যর্পণের আওতায় পড়ে। ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। তাই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে সেই চুক্তি ও আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন হত্যাকাণ্ডের অভিযোগ ও চলমান বিচারিক প্রক্রিয়ার প্রসঙ্গ তুলে বিএনপির এই নেতা বলেন, আবু সাঈদ, আহমদ ও ফাইয়াসসহ বিভিন্ন হত্যাকাণ্ডে তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। চট্টগ্রামে ১০ জনকে হত্যা এবং স্কুল-কলেজের শিক্ষার্থীসহ প্রায় ১ হাজার ৪০০ মানুষের মৃত্যুর বিষয়েও তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে বলে দাবি করেন রিজভী। এসব ঘটনায় দায়ের হওয়া মামলা ও বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি তাঁকে হতে হবে। সংবর্ধনা দিয়ে দেশে ফিরিয়ে আনার পরিবর্তে তাঁকে বিচারের আওতায় আনার ওপর গুরুত্ব দেন তিনি।

৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে রিজভী বলেন, ১৯৭১ সালে দীর্ঘ নয় মাসের মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ ভৌগোলিক স্বাধীনতা অর্জন করলেও জনগণের স্বাধীনতা ও নাগরিক অধিকার পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে সেই স্বাধীনতা রক্ষার পথ সুগম হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ৭ নভেম্বরের চেতনা হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রনীতি ও পররাষ্ট্রনীতি কোনো ব্যক্তি বা দেশের নির্দেশে পরিচালিত হবে না। দেশের জনগণ যেভাবে সিদ্ধান্ত নেবে, সেভাবেই রাষ্ট্র পরিচালিত হবে।

জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে তাঁকে হত্যা করা হয়েছে। পরবর্তী সময়ে সামরিক আইন জারির মধ্য দিয়ে গণতন্ত্র বাধাগ্রস্ত হয়। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষা এবং আধিপত্যবাদী শাসন প্রত্যাখ্যানের চেতনা থেকেই সেই আন্দোলন পরিচালিত হয়েছে।

শেখ হাসিনার শাসনামলের সমালোচনা করে রিজভী বলেন, ওই সময়ে গুম, খুন ও গুপ্তহত্যার মতো ঘটনা রাষ্ট্রের চরিত্রে পরিণত হয়েছিল বলে তিনি মনে করেন। এসবের বিরুদ্ধে খালেদা জিয়া দীর্ঘদিন আন্দোলন-সংগ্রাম করেছেন।

মহিলা দলের নেতা-কর্মীদের রাজনৈতিক অবদানের স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়ে রিজভী বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পুলিশি বাধা উপেক্ষা করে মিছিল করা, গ্রেপ্তারের ঝুঁকি নেওয়া এবং নির্যাতনের শিকার হওয়ার মধ্য দিয়েও তাঁরা রাজপথে সক্রিয় ছিলেন। খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের দেশে ফেরার দাবিতেও তাঁরা আন্দোলন করেছেন।

তিনি বলেন, নারী নেত্রীদের শুধু কারও স্ত্রী, বোন বা ভাবি হিসেবে নয়, বরং নিজস্ব রাজনৈতিক সংগ্রাম ও অবদানের ভিত্তিতে মূল্যায়ন করতে হবে। দীর্ঘ রাজনৈতিক আন্দোলনে মহিলা দলের অনেক নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন, মামলার শিকার হয়েছেন এবং নির্যাতনের মুখে পড়েছেন।

নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে রিজভী বলেন, রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি এখন নারীশিক্ষা, কর্মসংস্থান ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মেয়েদের উচ্চমাধ্যমিক পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার সুযোগ করে দিয়েছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

বাল্যবিবাহ প্রতিরোধের ওপর গুরুত্ব দিয়ে রিজভী বলেন, সম্প্রতি সাত জেলার প্রশাসনের উদ্যোগে ১৩২টি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। তবে নানা কৌশলে এখনো গোপনে বাল্যবিবাহ হচ্ছে। এ ধরনের সামাজিক সমস্যা প্রতিরোধে প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি পরিবার ও সমাজের মানুষকে সম্পৃক্ত করে আন্দোলন গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলনের পর এখন মেয়েদের শিক্ষিত করা, তাঁদের নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ তৈরি, কর্মসংস্থান নিশ্চিত করা এবং পরিবার ও সমাজে নারীর ভূমিকা বাড়ানোর দিকে মনোযোগ দিতে হবে।

নারী উদ্যোক্তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করার বিষয়ে রিজভী বলেন, সরকার বিনা জামানতে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার উদ্যোগ নেবে। এ সুযোগ কাজে লাগিয়ে নারীরা হাঁস-মুরগি, ছাগল ও গরু পালনসহ বিভিন্ন ক্ষুদ্র উদ্যোগ গড়ে তুলতে পারবেন। উৎপাদিত পণ্য বাজারজাত করে নিজেদের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটাতে পারবেন তাঁরা।

আলোচনা সভায় জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস সভাপতিত্ব করেন। সংগঠনটির সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

 

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০