
লাখোকণ্ঠ অনলাইন ডেস্কঃ মিরপুর টেস্টে নতুন ইতিহাস গড়লেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। দীর্ঘদিনের সতীর্থ ও সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে পেছনে ফেলে টেস্ট ক্রিকেটে এখন বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান টেস্টের তৃতীয় দিনেই সাকিবের ২৪৬ উইকেটের রেকর্ড স্পর্শ করেছিলেন তাইজুল। এরপর শনিবার (২৩ নভেম্বর) সেই রেকর্ড ভেঙে নিজেকে নিয়ে গেলেন অনন্য উচ্চতায়।
বর্তমানে ৫৭টি টেস্ট খেলে তাইজুলের উইকেট সংখ্যা ২৪৯, যা ম্যাচ চলাকালীন আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, এই ফরম্যাটে ৭১টি ম্যাচ খেলে সাকিব আল হাসানের সংগ্রহ ২৪৬ উইকেট। অর্থাৎ, সাকিবের চেয়ে ১৪টি ম্যাচ কম খেলেই শীর্ষস্থান দখল করলেন এই বিশেষজ্ঞ স্পিনার। সাকিব দীর্ঘ সময় অলরাউন্ডার হিসেবে দলের হাল ধরলেও তাইজুল নিজের অবস্থান পোক্ত করেছেন বিশেষজ্ঞ বোলার হিসেবে।
নিজের রেকর্ড ভাঙতে দেখে উত্তরসূরিকে অভিনন্দন জানাতে ভোলেননি সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাইজুলকে শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, ‘অভিনন্দন তাইজুল। ক্যারিয়ার শেষে তোমার নামের পাশে ৪০০ উইকেট দেখতে চাই। শুভকামনা।
রেকর্ড গড়ার আগেই সাকিবের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছিলেন তাইজুল। তিনি বলেছিলেন, ‘সাকিব ভাই দেশের জন্য অনেক কিছু করেছেন। বিশ্বসেরা অলরাউন্ডার হওয়া কোনো কাকতালীয় বিষয় নয়। তার অভিজ্ঞতা ও পরামর্শ দলের জন্য সবসময়ই সহায়ক ছিল। রাজনৈতিক জটিলতায় সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার এখন কিছুটা অনিশ্চিত। আপাতত কেবল ওয়ানডে খেলার সম্ভাবনা থাকলেও টেস্টে তার ফেরার পথ ধোঁয়াশাচ্ছন্ন। সেই সুযোগে তাইজুল এখন নিজেকে ছাড়িয়ে যাওয়ার দৌড়ে একক আধিপত্য বিস্তার করছেন।
আপনার মতামত লিখুন :