
লাখোকণ্ঠ অনলাইন ডেস্কঃ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘নির্বাচন দেয়ার মতো এখনও সুষ্ঠু পরিবেশ তৈরি হয়নি। নির্বাচন কমিশনের কিছু বিষয় প্রশ্নবিদ্ধ। রোববার সকালে সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বর্ধিত বৈঠকে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেন, সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর যেসব বিষয়ে ভিন্নমত রয়েছে আশা করি সেসবেও একমতে পৌঁছাতে পারব। ঐকমত্য শুধু কমিশনের কাজ নয়, সব রাজনৈতিক শক্তির সাহায্যেই ঐকমত্যে পৌঁছাবেন। যত দ্রুত সম্ভব আমরা জাতীয় সনদের দিকে এগিয়ে যেতে চাই। এর আগে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে জামায়াতে ইসলামীর সঙ্গে বর্ধিত বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন। এদিন সকাল সাড়ে ১০টায় এ বৈঠক শুরু হয়।
জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে এতে যোগ দেন ১১ সদস্যের প্রতিনিধি দল। সংস্কার প্রশ্নে ঐকমত্য তৈরির লক্ষ্যে পাঁচটি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছে ঐকমত্য কমিশন। এর অংশ হিসেবে গত ২৬ এপ্রিল জামায়াতের সঙ্গে কমিশনের সঙ্গে আলোচনা হয়। তবে ওই দিন সব সুপারিশ নিয়ে দলটির সঙ্গে আলোচনা শেষ হয়নি।
প্রসঙ্গত, গত ২০ মার্চ সংখ্যানুপাতিক নির্বাচন ও দুই কক্ষের সংসদের দাবি জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে লিখিত প্রস্তাব জমা দেয় জামায়াতে ইসলামী।
আপনার মতামত লিখুন :