চুয়াডাঙ্গায় ভুয়া জন্মসনদ তৈরির অভিযোগে গ্রে.প্তা.র ২


শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রকাশের সময় : ৯ মে, ২০২৬, ৪:৪২ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় ভুয়া জন্মসনদ তৈরির অভিযোগে গ্রে.প্তা.র ২

চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার বেগমপুর ইউনিয়ন পরিষদে ভুয়া জন্মনিবন্ধন সনদ তৈরির অভিযোগে প্রশাসনিক কর্মকর্তা ও এক উদ্যোক্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সকালে ইউনিয়ন পরিষদে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বেগমপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. রায়হান মাহমুদ (৩৫) ও উদ্যোক্তা মো. আরিফুল ইসলাম (৩০)।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, তাঁরা দীর্ঘদিন ধরে অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে বিভিন্ন জেলার বাসিন্দাদের ভুয়া ঠিকানায় জন্মনিবন্ধন সনদ তৈরি করে আসছিলেন। প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই মৌলভীবাজার, কুমিল্লা ও কক্সবাজারসহ বিভিন্ন জেলার ব্যক্তিদের বেগমপুর ইউনিয়নের বাসিন্দা দেখিয়ে ডিজিটাল জন্মসনদ দেওয়া হতো।

চুয়াডাঙ্গায় স্বাধীনতা দিবসে জিয়াউর রহমানের নাম ঘোষণা নিয়ে বিএনপি-জামায়াতের ধস্তাধস্তি

গত ৭ মে এক ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি নম্বরে অভিযোগ করেন। পরে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে উপজেলা প্রশাসন। তদন্তে সহকারী কমিশনার (ভূমি) নিশ্চিত হন, যাঁদের নামে জন্মনিবন্ধন করা হয়েছে, তাঁরা কেউই বেগমপুর ইউনিয়নের বাসিন্দা নন। এমনকি স্থানীয় বাসিন্দারাও তাঁদের পরিচয় জানেন না।

প্রশাসনের দাবি, ইউনিয়ন পরিষদের নির্ধারিত নিবন্ধন আইডির অপব্যবহার করে উদ্যোক্তা আরিফুল ইসলাম নিজেই জন্মনিবন্ধন কার্যক্রম পরিচালনা করতেন। জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে অসদুপায়ে জন্মনিবন্ধন তৈরির বিষয়টি স্বীকার করেছেন বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। উপজেলা প্রশাসনের ধারণা, এই চক্রের মাধ্যমে বিপুলসংখ্যক ভুয়া জন্মসনদ তৈরি হয়েছে, যা জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সহকারী প্রশাসনিক কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম বাদী হয়ে দর্শনা থানায় মামলা করেন। চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, জালিয়াতি চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে। দ্রুত পুরো নেটওয়ার্ককে আইনের আওতায় আনা হবে। দর্শনা থানার ওসি (তদন্ত) হিমেল রানা বলেন, তদন্ত শেষে মামলা করা হয়েছে। গ্রেপ্তার দুজন বর্তমানে থানা হেফাজতে রয়েছেন।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১