সরকারি রাস্তা দখল করে মৎস্য খামার নির্মাণ: ত্রিশালে মোবাইল কোর্টে ১ মাস ১৫ দিনের কারাদণ্ড


কাউছার পারভেজ শাকিল, ময়মনসিংহ ব্যুরো প্রকাশের সময় : ১৩ জুন, ২০২৬, ৫:৪১ অপরাহ্ণ
সরকারি রাস্তা দখল করে মৎস্য খামার নির্মাণ: ত্রিশালে মোবাইল কোর্টে ১ মাস ১৫ দিনের কারাদণ্ড

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সরকারি রাস্তা অবৈধভাবে দখল করে মৎস্য খামার নির্মাণের অভিযোগে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বুধবার (১০ জুন) বৈলর ইউনিয়নের উজান বৈলর এলাকায় পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে লুৎফর রহমান মিলন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার বিরুদ্ধে সরকারি রাস্তার একটি অংশ দখল করে সেখানে মৎস্য খামার নির্মাণের অভিযোগ রয়েছে, যার ফলে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

এ ঘটনায় বৈলর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থল পরিদর্শন ও সত্যতা যাচাই করে।

আদালতে অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকার করলে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে অতিরিক্ত ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে সাজা কার্যকরের জন্য ত্রিশাল থানা পুলিশের মাধ্যমে ময়মনসিংহ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। অভিযানে ত্রিশাল থানা পুলিশ এবং বৈলর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, সরকারি রাস্তা, খাল, জলাশয় ও অন্যান্য সরকারি সম্পত্তি দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং জনস্বার্থবিরোধী অবৈধ দখলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০