
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে শ্রীমঙ্গলের রাধানগর এলাকার একটি রিসোর্টের সামনে এ ঘটনা ঘটে।
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ব্যাটারিচালিত অটোরিকশায় এক তরুণীকে নিয়ে যাচ্ছিলেন হাসিব। এ সময় ভিডিও করতে থাকা এক ব্যক্তি তাকে গালাগাল করেন। অটোরিকশা থামার পর ওই ব্যক্তি হাসিবের সঙ্গে হাত মেলান এবং এরপরই হঠাৎ চাপাতি নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে কোপ দেন। হাসিব অটোরিকশা থেকে নেমে দৌড় দেন।
পুলিশের প্রাথমিক তদন্তে হামলাকারীকে শনাক্ত করা হয়েছে। তিনি শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
হাসিবের সঙ্গে থাকা তরুণী তার স্ত্রী বলে নিশ্চিত করেছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা এবং এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক প্রীতম দাস।
রিসোর্টের ম্যানেজার ইয়াসির আরাফাত স্বপন জানান, তিন দিন আগে স্ত্রী পরিচয় দিয়ে ওই তরুণীকে নিয়ে রিসোর্টে উঠেছিলেন হাসিব। মঙ্গলবারই তাদের চেক আউটের কথা ছিল।
হামলার পর হাসিব ট্রেনে কুমিল্লার পথে রওনা হয়েছেন। সেখান থেকে ফিরে শ্রীমঙ্গল থানায় মামলা করাসহ পরবর্তী কর্মসূচি নেওয়া হবে বলে জানিয়েছে ছাত্রশক্তি।
শ্রীমঙ্গল থানার ওসি সরকার আবদুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে রিসোর্টে পুলিশ পাঠানো হয়েছে। হাসিবের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজু বলেন, এখনো থানায় কেউ মামলা করেননি। তবে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
এ ঘটনার প্রতিবাদে শ্রীমঙ্গলে ছাত্রশক্তি বিক্ষোভ করেছে।
আপনার মতামত লিখুন :