দেশের ফুটবলের নিবেদিতপ্রাণ সংগঠক হারুনুর রশীদ আর নেই


প্রতিনিধি প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০২৬, ৮:৩৭ অপরাহ্ণ ৪৭
দেশের ফুটবলের নিবেদিতপ্রাণ সংগঠক হারুনুর রশীদ আর নেই

​নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের ফুটবলে আধুনিকতার স্বপ্নদ্রষ্টা ও আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও সাবেক এমপি হারুনুর রশীদ মারা গেছেন। গতকাল সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ​দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এই প্রবীণ ক্রীড়া সংগঠক। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে তিনি না ফেরার দেশে চলে যান। তার মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

​জানাজা ও দাফন: পরিবার সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার (১০ নভেম্বর) বাদ জোহর ধানমন্ডিতে আবাহনী ক্লাব প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ জন্মস্থান লক্ষ্মীপুরে নিয়ে যাওয়া হবে এবং সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। ​আবাহনীর প্রতিষ্ঠায় যার অবদান অনস্বীকার্য: ১৯৬৬ সালের মে মাসে প্রতিষ্ঠিত ‘আবাহনী সমাজকল্যাণ সমিতি’ পরবর্তীতে স্বাধীনতার পর ১৯৭১ সালে একটি আধুনিক ক্রীড়া ক্লাব হিসেবে আত্মপ্রকাশ করে। এই রূপান্তরের পেছনে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন হারুনুর রশীদ। মোহাম্মদপুরের পরিত্যক্ত ইকবাল স্পোর্টিং ক্লাবের ভিত্তিতে যাত্রা শুরু করা নতুন এই ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেন তিনি। আওয়ামী লীগ থেকে লক্ষীপুর -২ আসনে উপ-নির্বাচন করে এমপি হন। আবাহনীর সাংগঠনিক ভিত্তিদাঁড় করানোর পাশাপাশি ক্লাবটির ঐতিহ্যবাহী লোগোটিও তিনি নিজ হাতে ডিজাইন করেছিলেন। জাতিসংঘের পতাকার রঙের অনুপ্রেরণায় দুই পাশে লতা-পাতার বেষ্টনী দিয়ে তিনি তৈরি করেছিলেন আবাহনীর সেই চিরচেনা লোগো। ​ফুটবল প্রশাসনে বর্ণাঢ্য অবদান: শুধু আবাহনী ক্লাবই নয়, দেশের সামগ্রিক ক্রীড়া ও ফুটবল প্রশাসনেও হারুনুর রশীদ রেখে গেছেন অসামান্য অবদান। তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন পাঁচবার। এছাড়া ঢাকা মহানগর ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহসভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বেও সফলতার সঙ্গে কাজ করেছেন। তার প্রয়াণে দেশের ফুটবল হারাল এক অভিভাবক ও নিবেদিতপ্রাণ সংগঠককে।

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০