দেশে ফেরার প্রস্তুতি? নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে আবেদন শেখ হাসিনার


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০২৬, ৩:৪৩ অপরাহ্ণ ১২৩
দেশে ফেরার প্রস্তুতি? নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে আবেদন শেখ হাসিনার

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আবেদন করেছেন। লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীদের মাধ্যমে সোমবার (৯ নভেম্বর) এ আবেদন পাঠানো হয়।

বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা একটি চিঠির বরাতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। পরে শেখ হাসিনাও হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, তাঁর আইনজীবীরা নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠিয়েছেন।

দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো চিঠিতে শেখ হাসিনার আইনজীবীরা উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাঁর আগের বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তাঁরা জানতে পেরেছেন। এ অবস্থায় বাংলাদেশের নাগরিকত্বের ভিত্তিতে তাঁর জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান তাঁরা।

চিঠিতে আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তি ও সনদের আওতায় বাংলাদেশের বাধ্যবাধকতার বিষয়টিও উল্লেখ করা হয়েছে। পাশাপাশি আবেদন দ্রুত নিষ্পত্তির অনুরোধ জানিয়েছেন আইনজীবীরা।

তবে আবেদনটির সত্যতা ও আইনগত বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে। দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান বিবিসি বাংলাকে জানিয়েছেন, ম্যাট্রিক্স চেম্বার্স নামের একটি প্রতিষ্ঠান থেকে শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি চেয়ে ইমেইল পাওয়া গেছে। তবে আবেদনটি প্রকৃতপক্ষে শেখ হাসিনার পক্ষ থেকে করা হয়েছে কি না, তা তাঁরা নিশ্চিত নন। ইমেইলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

প্রথম আলো ইংরেজির এক প্রতিবেদনে কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, আইনজীবী প্রতিষ্ঠানটির ইমেইলের সঙ্গে শেখ হাসিনার অনুমোদন বা তাঁর পক্ষে কাজ করার কোনো প্রমাণপত্র পাওয়া যায়নি।

এদিকে, সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদনসংক্রান্ত খবরের সত্যতা এবং আইনগত ভিত্তি যাচাই করছে সরকার। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় কাজ করছে। আবেদন করার আইনগত অধিকার তাঁর রয়েছে কি না, সেটিও পর্যালোচনা করা হবে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে চলে যান। এরপর তাঁর কূটনৈতিক ও সাধারণ পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে তিনি ভারতেই অবস্থান করছেন।

শেখ হাসিনা সাম্প্রতিক সময়ে একাধিকবার আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, দেশে ফিরে আদালতের মুখোমুখি হওয়ার পরিকল্পনার কথাও তিনি বলেছেন। তাঁর ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন, দেশে ফেরার তারিখ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর ঘোষণা করা হবে।

তবে তাঁর দেশে ফেরা ঘিরে রাজনৈতিক ও আইনি জটিলতা রয়েছে। ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। শেখ হাসিনা এ অভিযোগ অস্বীকার করেছেন।

অন্যদিকে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার ভারতের কাছে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীও জানিয়েছেন, দুই দেশের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে ফিরিয়ে আনার উদ্যোগ অব্যাহত রয়েছে।

এ অবস্থায় নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদনটি সরকারের কাছে গুরুত্বপূর্ণ আইনি ও কূটনৈতিক প্রশ্ন তৈরি করেছে। আবেদনটি যাচাইয়ের পর সরকার কী সিদ্ধান্ত নেয় এবং শেখ হাসিনার ঘোষিত ডিসেম্বরের প্রত্যাবর্তন বাস্তবে রূপ নেয় কি না, তা এখন দেখার বিষয়। বিবিসি বাংলা

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০