কোরবানির পশু পালন প্রান্তিক খামারিদের বড় আয়ের উৎস: প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ২৬ মে, ২০২৬, ৫:৫৩ অপরাহ্ণ
কোরবানির পশু পালন প্রান্তিক খামারিদের বড় আয়ের উৎস: প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানির পশু পালন প্রান্তিক কৃষক ও খামারিদের জন্য বছরের অন্যতম বড় আয়ের উৎস হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেছেন মোহাম্মদ আমিন উর রশিদ

মঙ্গলবার কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা–এর নেউরা পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, কোরবানির পশু পালন ও বিক্রির মাধ্যমে লাখো পরিবার আর্থিকভাবে উপকৃত হচ্ছে। এটি ধীরে ধীরে শিল্পভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডে পরিণত হচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশে প্রতিবছর বিপুলসংখ্যক গবাদিপশু কোরবানি হয়, যা বিশ্বের অন্যতম বৃহৎ কোরবানির আয়োজন। এ উপলক্ষে সারা দেশের কৃষক ও খামারিরা এক থেকে দুই বছর ধরে গরু, ছাগল, ভেড়া ও মহিষ লালন-পালন করে বাজারে নিয়ে আসেন। এতে কোরবানির মৌসুম প্রান্তিক খামারিদের জন্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সুযোগ তৈরি করেছে।

মোহাম্মদ আমিন উর রশিদ আরও বলেন, সরকার প্রান্তিক কৃষক ও খামারিদের সক্ষমতা বৃদ্ধিতে বিভিন্ন সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। গবাদিপশু পালন সম্প্রসারণে প্রশিক্ষণ ও উৎপাদন বৃদ্ধির উদ্যোগ নেওয়ায় দেশে বাণিজ্যিক পশুপালনের প্রবণতা বাড়ছে।

পশুর হাটের নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রাণিসম্পদ বিভাগের সমন্বয়ে দেশের বিভিন্ন পশুর হাটে নিবিড় নজরদারি চলছে। প্রতিটি হাটে ভেটেরিনারি টিম পশুর স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা ও ওষুধ সরবরাহে কাজ করছে।

তিনি বলেন, চাঁদাবাজি বা অনিরাপত্তা নিয়ে এখন পর্যন্ত বড় ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি। জাল নোট শনাক্তে বিভিন্ন হাটে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে, যাতে ক্রেতা ও বিক্রেতারা নিরাপদে লেনদেন করতে পারেন।

মন্ত্রী আরও জানান, ঈদের আগ মুহূর্ত পর্যন্ত মাঠপর্যায়ে থেকে পশুর হাট পরিস্থিতি তদারকি অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন মো. ইউসুফ মোল্লা টিপু, মো. সামছুল আলম, সুজন চন্দ্র রায় এবং ডা. মো. মাহে আলম।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

 

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১