
শনিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ধওলাই এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল জলিল ওই এলাকার আলকেস আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ঢাকায় কর্মরত ছিলেন এবং সম্প্রতি গ্রামের বাড়িতে ফিরে আসেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, জমি নিয়ে আব্দুল জলিলের সঙ্গে তাঁর চাচাতো ভাই সাদ্দামের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সম্প্রতি তিনি বাড়িতে ফেরার পর বিরোধটি নতুন করে তীব্র আকার ধারণ করে। এ নিয়ে তাঁর চাচা আব্দুর রাজ্জাক, আশরাফ আলী এবং চাচাতো ভাই সাদ্দামের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়।
শনিবার সকালে এ বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, এ সময় চাচা ও চাচাতো ভাইসহ কয়েকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে আব্দুল জলিলের পরিবারের ওপর হামলা চালান। এতে গুরুতর আহত হন আব্দুল জলিল। তাঁর মা, ভাইসহ আরও কয়েকজন আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল জলিলকে মৃত ঘোষণা করেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে গেছেন বলে জানা গেছে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :